পল্লী বিদ্যুতের দাম পিডিবির সমপর্যায়ে রাখা হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এখন সারা দেশে লোডশেডিং কম। বিদ্যুতের উত্পাদনও বেড়েছে। তবে এর সরবরাহ নিশ্চিত করতে হবে। এটি হলে অচিরেই সারা দেশে বিদ্যুত্ সমস্যার সমাধান হবে। আজ শুক্রবার সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম পিডিবির সমপর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাহক পর্যায়ে পিডিবির চেয়ে পল্লী বিদ্যুতের দাম কিছুটা বেশি। তাই এ দামের সমন্বয় করা হবে।সভায় পল্লী বিদ্যুত্ সম্পর্কে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা নানা অভিযোগ তুলে ধরলে এর জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০ ভাগ এলাকায় পল্লী বিদ্যুত্ সমিতি বিদ্যুত্ সরবরাহ করছে। তাদের নানা সীমাবদ্ধতা থাকতে পারে।বিদ্যুত্ বিভাগের গ্রাহকসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের বিদ্যুত্ সমস্যার কারণ চিহ্নিত করে তা সমাধানে তিন মাস মেয়াদি একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে সিলেটে লোডশেডিংয়ের মাত্রা কমে যাবে।সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিদ্যুত্ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেচ্ছা হক, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রমুখ।