পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ২৮ এপ্রিল গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এ বিষয়ে ২৮ এপ্রিল গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আরইবি দেশের ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে এ দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।আজ বৃহস্পতিবার বিইআরসির উন্মুক্ত সভায় এ প্রস্তাব আমলে নিয়েছে কমিশন। সভায় আরইবির প্রস্তাবের ওপর আলোচনা ও মতামত দিতে আগ্রহী পক্ষগুলোকে ২৪ এপ্রিলের মধ্যে তা বিইআরসির বরাবর জমা দিতে বলা হয়েছে।বিইআরসির কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত সভায় আরইবির প্রস্তাব উপস্থাপন করে সংস্থার চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম বলেন, আরইবির গ্রাহক পর্যায়ে দীর্ঘদিন বিদ্যুতের দাম বাড়েনি। ফলে পিবিএসগুলো লোকসান গুনছে। গত ফেব্রুয়ারি মাসে ৫ শতাংশ হারে দাম বাড়ানো হলেও তাতে ওই লোকসান কাটেনি। লোকসান কাটাতে হলে আরইবির বিদ্যুতের খুচরা দাম গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ বাড়ানো দরকার।আর্থিক অবস্থা বিবেচনায় পিবিএসগুলোর জন্য বিদ্যুতের আলাদা মূল্যহার নির্ধারিত হয়। বর্তমানে ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে পিবিএস ভেদে ইউনিটপ্রতি মূল্য দুই টাকা ৬৪ পয়সা থেকে তিন টাকা তিন পয়সা। এ ক্ষেত্রে ১১ দশমিক ৭৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আবাসিক অন্যান্য গ্রাহকের মধ্যে ১০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৯ দশমিক ২২ শতাংশ, ৩০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে ২০ শতাংশ এবং ৫০০ ইউনিটের ঊর্ধ্বে ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বাণিজ্যিক গ্রাহকের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ শতাংশ, দাতব্য প্রতিষ্ঠানে ১০ শতাংশ, সেচে ৯ দশমিক ৯৩ শতাংশ, সাধারণ শিল্পে ১২ শতাংশ, বৃহৎ শিল্পে ১২ শতাংশ এবং রাস্তার বাতির জন্য ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রায় সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম (মিনিমাম) বিল, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বিইআরসি সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ১১ শতাংশ হারে বাড়ানোর সময় বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর খুচরা গ্রাহক (ভোক্তা) পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছিল। ওই বর্ধিত দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।