‘কী রে, আগুন লাগছে বলে কুনহানে?’—তরে কে কইল?—না হুনলাম, কেডায় জানি কইল কারওয়ান বাজারে আগুন লাগছে।—কই আমিদি কারওয়ান বাজার থন আইলাম, আগুনমাগুন কিচ্ছু তো দেখলাম না। কিয়ের আগুন লাগছে? সব ফাউল কথাবার্তি। ওই মামা, চিনি দুই চামুচ মাইরা আরেকটা চা দিয়ো... যেই ঠান্ডা পড়ছে। সেদিন আসলেই খুব ঠান্ডা পড়েছিল। সেই ঠান্ডায় দুজন যখন চায়ের দোকানে বসে গুজবের ব্যাবচ্ছেদরত, তখন তাদের থেকে মাত্র মিনিট দুয়েকের হাঁটা পথের দূরত্বে পুড়ছে পল্লী ভবনের নিচতলা। আগুন লেগেছে তাদের গুদামে। গমকে গমকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। কারওয়ান বাজারের যত পাইকার, খদ্দের আছে সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খানিকটা যে মজা পাচ্ছে না সে কথাও বোধহয় নিশ্চিত করে বলা যাবে না। আজকাল ক্যামেরাওয়ালা মোবাইল ফোনসেট মুড়ি-মুড়কির মতো সবার হাতে হাতে। তাই হাতের মুঠোয় ক্যামেরা ফোন নিয়ে তাঁরা এই দুর্দান্ত ঘটনাটা ক্যামেরাবন্দী করে রাখছিলেন। বাসায় ফিরে সবাইকে দেখিয়ে খুব তাক লাগিয়ে দেওয়া যাবে।এরই মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি হাজির। তারা পানির নল আর যন্ত্রপাতি নিয়ে দৌড়াদৌড়ি করছে আগুন নেভাতে। আগুন লাগার খবর পেয়ে ভবনের বেশির ভাগ লোকই বের হয়ে যেতে পেরেছিলেন। চারজন শুধু ছাদের ওপর ছিলেন। খুব সম্ভব আগুন লাগার খবরটা তাঁরা পেয়েছিলেন দেরিতে, সে জন্য নিচে না নেমে উঠে গিয়েছিলেন ওপরে।এর মধ্যে একজন জননেতাও পৌঁছে গেছেন ঘটনাস্থলে। তবে নেতার চেয়ে বেশি তত্পরতা দেখালেন তাঁর চেলারা। তাই জননেতার চেলারা যখন চেলা কাঠ নিয়ে আশপাশের লোকজনের দিকে তেড়ে-কুঁদে গেল, তখন স্বাভাবিকভাবেই ঘা খাওয়ার ভয়ে সরে-ছিটকে পড়ল লোকজন।আসলে এর পরের ঘটনাগুলো যেতে লাগল এক ধরনের চাপা অস্বস্তি আর অস্থিরতার মধ্য দিয়ে। পরীক্ষার হলে গার্ড যদি ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে থাকে, তাহলে যেমন পরীক্ষার্থীর লেখায় গড়বড় হয়ে যায়, নেতা মহোদয়কে দেখে ঠিক সে রকম দশা হলো ফায়ার ব্রিগেডের কর্মীদের। একজন যদি কোনো রকমে ভুল করে বসে, সঙ্গে সঙ্গে তাকে ধমকানোর জন্য ১০ জন জুটে যায়। তখন বেচারা যতটুকু ঠিক করার সম্ভাবনা ছিল, ততটুকুও ভুলে যায়। কারওয়ান বাজারে দেশের প্রায় সব গণমাধ্যমের আখড়া। দেখতে দেখতে ডজনখানেক পত্রিকা আর টিভি চ্যানেলের সাংবাদিক এসে হাজির। ফায়ার ব্রিগেডের গাড়িও আরও বেশ কটা চলে এসেছে ততক্ষণে। মইওয়ালা ট্রাকটাও ছিল তার মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই মইটার ভাঁজ খুলে ভবনের ছাদ থেকে লোক নামানোর তোড়জোড় শুরু করলেন দমকল-কর্মীরা। মইয়ের মাথা যখন ছাদের ওপরে পৌঁছাল, তখন দেখার মতো একটা কাণ্ড ঘটল। নেতা মহোদয় ঝটপট উঠে এলেন গাড়ির ওপর।তবে মিডিয়াওয়ালারা দারুণ একটা দৃশ্য পেয়ে গেল। দমকলের লাল রং গাড়ি, মই লম্বা হতে হতে চলে গেছে সেই পাঁচ তলায়। সেই মইয়ের গোড়ায় সরকারের একজন ক্ষমতাবান মানুষ কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে আছেন। সে এক দেখার মতো দৃশ্য বটে!এদিকে ভিআইপির নিরাপত্তা বলে কথা। থানার পুলিশ তো আগেই ছিল, তাদের সঙ্গে এসে এবার জুটল র্যাব। আর র্যাব আসা মানেই ‘অ্যাকশন’। তারা এসেই প্রথমে একাধারে গোটা দশেক বাড়ি কষালো ভিড় লক্ষ করে। ব্যস, শোল মাছের ছানার মতো ছিটকে সরে গেল জনতা। এদিকে যাঁরা ছাদ থেকে নেমে এলেন তাঁদের একেকজনকে পাকড়াও করা শুরু করলেন সাংবাদিকেরা। তারপর মুখের সামনে ক্যামেরা পেতে ঘটনার খুঁটিনাটি জানতে চান। খুঁটিনাটি জানলেই কিন্তু শেষ হয় না। আশপাশ থেকে ক্রমাগত আসতে থাকে নিত্যনতুন প্রশ্ন।এর মধ্যে একজন টিভি সাংবাদিক আবার ‘আগুন ফেরত’ একজনকে কানে মোবাইল ফোনসেট চাপিয়ে পরিবারের সদস্যদের উদ্দেশে বলতে বললেন, ‘আমি ভালো আছি, কোনো সমস্যা হয়নি।’মানে পরিবারকে আশ্বাস দিচ্ছেন সেটা বোঝানোর জন্য এই ব্যবস্থা। কিন্তু প্রথম টেকে কী একটা গড়বড় হলো। সাংবাদিকটি আবার বললেন, ‘হয় নাই, আবার বলেন...একটু জোরে বইলেন, হ্যাঁ?’লোকটা তখনো ধাতস্থ হতে পারেনি। কণ্ঠ কেঁপে কেঁপে যাচ্ছে। তার পরও তিনি আবার বললেন। সাংবাদিক হেসে বললেন, ‘ভাই, হয় নাই, আবার বলেন...।’ওদিকে ছবি তুলতে একজন ফটোসাংবাদিক উঠে গেলেন দমকল গাড়ির ওপর। তাঁর দেখাদেখি আরও কয়েকজন উঠে গেলেন সেখানে। অবস্থা এমন দাঁড়াল, শেষে দমকল-কর্মীরাই গাড়ির কাছে ভিড়তে পারছিলেন না। কাজ করতে ঝামেলা হচ্ছে দেখে শেষে দমকল-কর্মীরাও বিরক্ত হয়ে গেলেন। কিন্তু কিছু বলার উপায়ও নেই। কে শখ করে বিপদ ডেকে আনবে নিজের ঘাড়ে?এই ফাঁকে মই বেয়ে একজনকে নেমে আসতে দেখা গেল। যথারীতি তাকেও ঘিরে ধরলেন সংবাদকর্মীরা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ‘কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি ধুমা, ধুমা!’পেছন থেকে কে একজন বলে উঠল, ‘আরে আপনি তো নিচেই ছিলেন! আপনি আগুনে আটকা পড়লেন কখন? ওপর থেকে আসলেন কী করে?’লোকটা তখন আমতা আমতা করতে লাগল—‘না... আমি তো আমার বোনরে খুঁজতি গেছিলাম উপরে। আমার বোন চাকরি করে এই অফিসে...।’জানা গেল, আটকেপড়াদের যে মই দিয়ে আগুন থেকে উদ্ধার করা হয়েছে, সেই মই বেয়েই আগুনের মধ্যে ঢুকে গেছেন তিনি তাঁর বোনকে খুঁজতে। একটা লোক এত দমকলকর্মী, সাংবাদিক, পুলিশ, র্যাব সদস্যের সামনে দিয়ে আগুনের মধ্যে ঢুকলেন অথচ কেউ তাঁকে বাধা দিল না, নিষেধ করল না! কী আশ্চর্য!আগুন লাগল, আগুন নিভেও গেল। মাঝখানে ঘটে গেছে অনেক ঘটনা। র্যাব আর পুলিশের ভিআইপি নিরাপত্তার চক্করে পড়ে মার খেয়েছেন বেশ কজন কাঁচাবাজারের পাইকার। তাঁদের একজন বৃদ্ধ আবদুর রহমান আক্ষেপ করে বললেন, ‘আগুন লাগে কার ঘরে, আর পাছা জ্বলে কার! এই হইল আমরার দ্যাশ।’