পল্লীকবি জসীমউদদীনের ‘আসমানী’ কোমায়
পল্লীকবি জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীর (৯০) অবস্থা আশঙ্কাজনক। তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোমায় আছেন। আসমানীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।গতকাল শনিবার আসমানীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল দল গঠন করা হয়। এর আহ্বায়ক ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার।ফরিদপুরের সিভিল সার্জন প্রথম আলো ডটকমকে বলেন, মেডিকেল দলটি আজ বেলা ১১টার দিকে দ্বিতীয় দফা জেনারেল হাসপাতালের ২ নম্বর কেবিনে চিকিত্সাধীন আসমানীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ পর্যবেক্ষণে ধরা পড়ে এরই মধ্যে তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কোমায় আছেন। তাঁর সিটিস্ক্যান করা প্রয়োজন। এই সুবিধা জেনারেল হাসপাতালে না থাকায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আসমানীর নাতি আক্রাম মল্লিক বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আসমানীকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের মহিলা পেইং ওয়ার্ডের ১০ নম্বর শয্যায় চিকিত্সাধীন রয়েছেন।ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানী তিন-চার দিন আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে গত শনিবার তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।