পল্লীকবির আসমানী আর নেই
পল্লীকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় বাস্তব চরিত্র আসমানী আর নেই। আজ শনিবার ভোররাত তিনটার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছয় মেয়ে ও চার ছেলে রেখে গেছেন।আসমানীর নাতি মো. আকরাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বাদ জোহর জানাজা শেষে আসমানীকে পারিবারিক কবরস্থানে স্বামী হাসেমউদ্দিন মণ্ডলের কবরের পাশে দাফন করা হবে।গত ২৩ জুন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে আসমানীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত ২৭ জুলাই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে ৫ আগস্ট তাঁকে রসুলপুরে নিয়ে আসা হয়।আসমানীর মৃত্যুতে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ শোক প্রকাশ করেছেন।পল্লীকবি জসীমউদ্দীন ‘আসমানী’ কবিতাটি ১৯৪৬ সালে রচনা করেন। কবিতাটি ১৯৪৯ সালে প্রকাশিত কবির ‘এক পয়সার বাঁশী’ কাব্য গ্রন্থে স্থান পায়। পরবর্তী সময় কবিতাটি স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়।