পল্লীকবির আসমানীকে ঢাকায় প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লীকবি জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র অসুস্থ আসমানীকে (৯০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার বিকেলে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) পাঠানো হয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত্ মোস্তফা প্রথম আলো ডটকমকে জানান, মেডিকেল বোর্ডের সুপারিশের পর বেলা তিনটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসমানীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্সে রওনা দিয়েছে। আসমানীর মেয়ে জ্যোত্স্না বেগম ও নাতি সবুজ শেখ তাঁর সঙ্গে আছেন।তবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ ২৪ ঘণ্টায় আসমানীর শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। তিনি মেডিসিন বিভাগের দুই নম্বর ইউনিটের অধীনে মহিলা পেয়িং বেডে (১০ নম্বর শয্যা) চিকিত্সাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে সাত সদস্যের মেডিকেল বোর্ড আসমানীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত দেয়।ওই বোর্ডের সদস্য ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাখাল চন্দ্র বর্মণ প্রথম আলো ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় আসমানীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র—আইসিইউ স্থানান্তর করতে হবে। এ ছাড়া ফিজিক্যাল ইন্টারভেশনও (স্ট্রোকের ফলে মস্তিষ্কের যেখানে রক্তক্ষরণ হয়েছে সেখানে অস্ত্রোপচার করা) লাগতে পারে। এ সুযোগ ফরিদপুরে মেডিকেল কলেজে নেই বিধায় বোর্ড স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আসমানী বর্তমানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন। তবে তাঁর পালস, শ্বাস-প্রশ্বাস ও রক্তের চাপ স্বাভাবিক আছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, পল্লীকবির আসমানীর চিকিত্সার জন্য আমার তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘আসমানী সহায়তা তহবিল’ গঠন করা হয়েছে। ওই তহবিল হতে আসমানীর চিকিত্সার ব্যয়ভার চালানো হচ্ছে।উল্লেখ্য, আসমানী ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে বসবাস করছেন। তাঁর বর্তমান বয়স ৯০। আসমানী অসুস্থ হয়ে পড়লে গত শনিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় গত রোববার দুপুরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।