পল্লীবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগানোর প্রতিবাদে কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লীবিদ্যুৎ কেন্দ্রে জামায়াত-শিবিরের তাণ্ডব ও আগুন লাগানোর প্রতিবাদে রাজশাহীতে কৃষকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। জাতীয় কৃষক সমিতি রাজশাহী জেলা শাখার ব্যানারে আজ শনিবার সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ১০টায় নগরের আলুপট্টির মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলুপট্টি মোড়ে গিয়ে সমাবেশ করে।সমাবেশে কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন অভিযোগ করেন, জামায়াত-শিবির চক্র এখন দেশের ও জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা কানসাটে বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দিয়ে কৃষকের পেটে লাথি মেরেছে। একাত্তরে এ দেশের কৃষকেরা পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের ক্ষমা করেনি, এবারও বাংলার কৃষক তাদের ক্ষমা করবে না। কৃষকেরাই এর দাঁতভাঙা জবাব দেবেন।বিদ্যুতের অভাবে কানসাটের কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে সাংসদ আরও বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য কৃষকদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশ থেকে প্রতিটি উপজেলা-ইউনিয়নে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সাংসদ।জাতীয় কৃষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মতিউর রহমান তপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমিতির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, সদস্য ফরজ আলী প্রমুখ। জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এই সমাবেশে অংশ নেন।