মাংস বিক্রির আগে মান নিয়ন্ত্রণ না করলে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে মন্ত্রিসভা পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ আইন অনুযায়ী যেখানে-সেখানে পশু জবাই করা যাবে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় চার ঘণ্টা স্থায়ী এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, বৈঠকে এ আইনসহ মোট চারটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে।পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন: খসড়া চূড়ান্ত অনুমোদন হওয়া এ আইনে বলা হয়েছে, পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত না হলে পশুর মাংসের মাধ্যমে অ্যানথ্রাক্স, জলাতঙ্ক, যক্ষ্মাসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়ায়। এ আইনের মূল বৈশিষ্ট্য হচ্ছে স্বাস্থ্য, পশুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা; জবাইখানা, মাংস বিক্রয় স্থাপনা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানার লাইসেন্স দেওয়া এবং জবাইখানা, প্রক্রিয়াকরণ কারখানা ও মাংস বিক্রয় কেন্দ্রের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা, জবাই করার আগে ও পরে মাংস পরীক্ষা নিশ্চিত করা।প্রশাসনিক ট্রাইব্যুনাল সংশোধন আইন: গতকালের বৈঠকে প্রশাসনিক ট্রাইব্যুনাল সংশোধন আইনের চূড়ান্ত অনুমোদন করে বলা হয়েছে, যদি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের কোনো সদস্য অনুপস্থিত থাকেন, তাহলে চেয়ারম্যান ও অপর সদস্য মামলার শুনানি গ্রহণ এবং রায় দিতে পারবেন। তবে রায় দেওয়ার ক্ষেত্রে উভয়কে একমত পোষণ করতে হবে। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল স্বীয় উদ্যোগে বা মামলার কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে অথবা প্রশাসনিক ট্রাইব্যুনালের রেফারেন্সের ভিত্তিতে যেকোনো মামলা এর যেকোনো পর্যায়ে এক প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে অন্য প্রশাসনিক ট্রাইব্যুনালে স্থানান্তর করতে পারবে।স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন: অসংগতি থাকায় নির্বাচন কমিশন এ আইনের কিছু ধারা সংশোধনের প্রস্তাব করেছিল। ১৩ ও ২৯ নম্বর ধারা সংশোধন করে গতকাল বৈঠকে উত্থাপিত হয়। পরে এটি অনুমোদন করা হয়।কম্পিটিশন (প্রতিযোগিতা) আইন: বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতা আইন প্রবর্তন করা হয়নি। ফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছে। এ আইনের ফলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে এবং ভোক্তা সাধারণ প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য পাবে। এ আইনটিও অনুমোদন করা হয়।আদমশুমারি ও গৃহ গণনার তারিখ ও শুমারি কমিটি অনুমোদন: দেশের পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনার কাজ শুরু হবে ২০১১ সালের ১৪ মার্চ দিবাগত রাত থেকে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা পরিকল্পনা কমিশন। মাঠপর্যায়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাদ্যমে শুমারি কার্যক্রম তদারকির জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড পর্যায়ে শুমারি কমিটি গঠন করা হবে। ১৪ মার্চ দিবাগত রাত থেকে ১৯ মার্চ পর্যন্ত গণনা করা হবে।ডব্লিউটিওর ট্রিপস চুক্তির দুটি ধারা অনুসমর্থন: বৈঠকে ডব্লিউটিওর ট্রিপস চুক্তির ধারা ৩১(এফ) এবং ৩১(এইচ) সংশোধনীর বিষয়টি সরকারের অনুসমর্থনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অনুসমর্থনের ফলে উৎপাদিত ওষুধজাত পণ্য প্রধানত দেশীয় বাজারে বিক্রি করা যাবে, কিন্তু রপ্তানি করা যাবে না। ফলে যেসব দেশের উৎপাদনের সক্ষমতা নেই, তারা বাধ্যতামূলক লাইসেন্স দিয়ে অন্য কোনো দেশ থেকে ওষুধজাত পণ্য আমদানি করতে পারবে।বৈঠক শেষে আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে ভালো। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে ৫০০-৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। গত ১৮ সেপ্টেম্বরের সরকারি হিসাব উল্লেখ করে তিনি জানান, ওই দিন বিদ্যুতের চাহিদা ছিল পাঁচ হাজার মেগাওয়াট, সেদিন উৎপাদন হয়েছে চার হাজার ২৯৬ মেগাওয়াট।