পশু-পাখিদের শীত উপভোগ (ভিডিও)
তীব্র শীত পড়েছে সার্বিয়ায়। তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে, তুষারপাতও হচ্ছে। জনজীবন বিপর্যস্ত, আর সেটা থেকে বাদ যায়নি পশু-পাখিরাও। তবে এর মধ্যেই খেলায় মেতেছে সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানার সিল ও সিংহেরা। রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে সিলগুলো পানিতে দাপিয়ে বেড়াচ্ছে। বরফ নিয়ে খেলায় মেতেছে চিড়িয়াখানার সিংহগুলোও।সার্বিয়ার এই চিড়িয়াখানাটি সাদা রঙের সিংহের প্রজননের জন্য বিখ্যাত। এরাও মানুষের মতো বরফ দিয়ে বল বানিয়ে মজা করে খেলছে। তবে ব্যতিক্রম চিত্রও আছে। বানর, অজগরসহ অনেক প্রাণীই প্রচণ্ড ঠান্ডায় জড়সড় হয়ে নিজেদের খাঁচায় সময় কাটাচ্ছে।
আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিড়িয়াখানার বাসিন্দাগুলোকে একটু আরাম দিতে তাপ উত্পাদনকারী বাতি লাগানোসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। হাঁসের অবাধ বিচরণ নিশ্চিত করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের বিচরণ ক্ষেত্রের বরফ ভেঙে পানি করছে। আর সেই পানিতে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে সাদা সাদা হাঁসগুলো।