বিভিন্ন জেলা থেকে ঢাকায় গরু আনার পথে পুলিশের নামে, বেনামে ও নানা সংগঠন চাঁদাবাজি করছে
পশুবাহী ট্রাকে পুলিশ ও শ্রমিকের চাঁদাবাজি
রাজশাহীর সড়ক-মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ে নেমেছে পুলিশ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বিভিন্ন স্থানেও চলছে সমানতালে চাঁদাবাজি। গতকাল মঙ্গলবার ঢাকার তিনটি গরুর হাটে ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকেও একই অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় গরু আনার পথে পুলিশের নামে, বেনামে ও নানা সংগঠন এমন চাঁদাবাজি করছে।সরেজমিন রাজশাহীর আট স্থান : রাজশাহী নগরের আটটি স্থানে পুলিশ ও শ্রমিক ইউনিয়ন আদায় করছে চাঁদা। পুলিশ আদায় করছে চার জায়গায় ও ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকেরা বাকি চার জায়গায়। তবে পুলিশ মূলত সন্ধ্যার পরই চাঁদাবাজিতে নামে। পশুবাহী ট্রাক, নছিমন ও ভটভটির চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড়ের পশ্চিম পাশে স্থানীয় পুলিশ বক্সের সদস্যরা ও পূর্ব পাশে ট্রাক শ্রমিক ইউনিয়ন জেলার বাইরে থেকে আসা ট্রাক, নছিমন ও ভটভটি থেকে চাঁদা আদায় করছে। বিমানবন্দর গেটের উত্তরে পবা থানার পুলিশ, পবা উপজেলা পরিষদের ফটকের উত্তরে শাহ মখদুম থানার পুলিশ, পুঠিয়া উপজেলার বেলপুকুর গোলচত্বরের পূর্বদিকে মহানগর ও মহাসড়ক পুলিশ চাঁদা তুলছে। এই চাঁদা তোলা সন্ধ্যার পর থেকে শুরু হয়ে চলে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত। রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়ন নগরের অক্টোরমোড় এলাকায় লাল পতাকা টাঙিয়ে গাড়ি থামিয়ে চাঁদা তুলছে। তা ছাড়া নগরের আমচত্বর ও পুঠিয়া বাজারের পূর্ব পাশে ‘চেকপোস্ট’ বসিয়েছেন তাঁরা। অক্টোরমোড়ে গতকাল বেলা দেড়টার দিকে গিয়ে দেখা যায়, পুঠিয়ার বানেশ্বরহাট থেকে গরু কিনে ভটভটিতে ফিরছিলেন এক ব্যক্তি। ওই মোড়ে আসার সঙ্গে সঙ্গে শ্রমিক ইউনিয়নের চেকপোস্টে তাঁকে থামিয়ে দেওয়া হয়। পরে চাঁদা নিয়ে আবার ছেড়ে দেওয়া হয়। এ সময় কয়েকজন নছিমনচালক বলেন, ‘আমাদের একবার পুলিশকে টাকা দিতে হচ্ছে, আবার শ্রমিক ইউনিয়নকে। আমরা নিম্ন আয়ের মানুষ। কিন্তু কোথাও ২০ টাকার নিচে চাঁদা দেওয়া যাচ্ছে না।’ অনুসন্ধানে জানা গেছে, রাজশাহীর ভেতরের গাড়িগুলো থেকে কমপক্ষে ১০০ টাকা ও বাইরের গাড়ি থেকে ২০০ টাকা করে মহাসড়ক ও রাজশাহী মহানগর পুলিশ পালাক্রমে আদায় করে। এভাবে বিভিন্ন স্থানে চাঁদা দিতে গিয়ে গাড়িগুলো সময়মতো ঢাকায় পৌঁছাতে পারছে না। একজন ট্রাকচালক বলেন, তিনি ঢাকায় গরু নিয়ে যান। বানেশ্বর বাইপাস মোড়ে পুলিশ গরুবাহী গাড়ি দেখলেই থামাতে বলে। না থামালে দুই-তিনজন পুলিশ গাড়ির সামনে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে যান। গাড়ি থামালে কাগজপত্র দেখতে চান। কাগজপত্র বের করে দিলে তা না দেখেই সেটি হাতে করে অন্য গাড়ির কাছে চলে যান। পরের গাড়িচালকেরা অবস্থা বুঝে কাগজপত্র আর বের না করে সোজা টাকা ধরিয়ে দিয়ে চলে যান। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ‘ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন থেকে তাঁদের সংগঠনের চাঁদা নেওয়ার কথা নয়।’ মাসিক চাঁদা রয়েছে, তার পরও কেন ট্রাক থেকে চাঁদা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু মাসিক চাঁদা দিয়ে কি আর ইউনিয়ন চলে? আমাদের সংগঠনের অনেক খরচ।’ রাজশাহী মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুজ্জামান বলেন, ‘চাঁদা আদায় তো দূরের কথা কোরবানির পশুর গাড়ি কোথাও না থামানোর জন্য পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া রয়েছে।’ বগুড়ায় স্থানে চাঁদাবাজিদিনাজপুরের বিরামপুর থেকে ছোট একটি ট্রাকে গতকাল তিনটি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন উপজেলার মুকন্দপুরের কৃষক আবদুর রহমান (৫২)। রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার বনানী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার পাড়ি দিতে তাঁকে পথে পথে চাঁদা দিতে হয়েছে ২০০ টাকা। গরু বহনকারী ট্রাকচালক সাদ্দাম হোসেন অভিযোগ করেন, গোবিন্দগঞ্জ, বগুড়ার মোকামতলা, মহাস্থানবাজার, মাটিডালি মোড়, চারমাথা টার্মিনাল, তিনমাথা মোড়, বনানী মোড়সহ নানা ঘাটে ট্রাক থামিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং পৌরসভার নামে চাঁদা নেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় গরু নিয়ে যাওয়ার পথে বগুড়ায় গরু ব্যবসায়ী, ব্যাপারি ও খামারিদের এভাবে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে বগুড়ার মহাস্থানবাজার থেকে বনানী পর্যন্ত জায়গায় জায়গায় পশুবাহী ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন থেকে বিভিন্ন সংগঠনের নামে রসিদ দিয়ে চাঁদা আদায় করার দৃশ্য দেখা যায়। বগুড়া মহাসড়ক পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘মহাসড়কে পরিবহন সংগঠনের নামে চাঁদা আদায় নতুন কিছু নয়। তবে ঈদ সামনে রেখে নতুন করে কোনো চাঁদাবাজি হচ্ছে না।’চাঁদা আদায়কালে বেলাল নামের এক ব্যক্তি জানান, বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক আরিফ হোসেনের নাবা এন্টারপ্রাইজের হয়ে তিনি সড়ক থেকে পৌরসভার টোল আদায় করছেন। আরিফ হোসেন বলেন, শহরে চলাচলকারী পণ্যবাহী যানবাহন থেকে টোল আদায়ে তিনি পৌরসভার কাছ থেকে ৩৫ লাখ টাকায় ইজারা নিয়েছেন। তবে এই টোল গরুবাহী যানবাহন থেকে আদায় করা হচ্ছে না। আদায়কারীরা ভুলবশত সেটা করে থাকতে পারে।তবে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান টোল আদায়ের জন্য পৌরসভা কাউকে ইজারা দেয়নি বলে জানান।আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান বলেন, ‘দুটি শ্রমিক সংগঠনের নামে ৩০ টাকা করে যে কল্যাণ তহবিল আদায় করা হয় তা শ্রমিকদের স্বার্থেই ব্যয় হয়। গরুবাহী ট্রাক থেকে অর্থ আদায় না করার জন্য শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’ঢাকায় তিন গরুর হাটঝিনাইদহ থেকে ২১টি গরু নিয়ে তালতলা গরুর হাটে এসেছেন ব্যবসায়ী রাজু আহমেদ। তাঁর অভিযোগ, পথে মাগুরা ওয়াপদা মোড়ে পুলিশ বক্সে ১০০ টাকা, মধুখালী রেলগেট পার হওয়ার পর ১০০ টাকা ও রাজবাড়ী এলাকা থেকে কয়েকটি জায়গায় এক-দু শ টাকা চাঁদা দিয়েছেন তিনি।গতকাল রাজধানীর গাবতলী, তালতলা ও আগারগাঁও গরুর হাটে ঘুরে অনেক ব্যবসায়ীর কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে গরু নিয়ে এসেছেন তালতলা হাটে। তিনি বলেন, ঢাকায় আসার পথে রাজশাহী ও নাটোরের তিনটি স্থানে একদল যুবক লাঠিসোঁটা হাতে ট্রাক থামায়। ‘বিটের’ টাকা না দিলে ট্রাকের সব গরু রেখে দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনটি স্থানেই ২০০ টাকা করে তাঁর কাছ থেকে চাঁদা আদায় করা হয়। আগারগাঁও হাটের ব্যবসায়ী আতিকুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে এক ট্রাক গরু ঢাকায় আনতে কুষ্টিয়ার সাহেবনগরে ঈদ বখশিশের নামে ২৫০ টাকা ও মির্জাপুরে ৩০০ টাকা চাঁদা দিতে হয়েছে তাঁকে। আরেক ব্যবসায়ী আসলাম শেখ জানান, বগুড়া থেকে এক ট্রাক গরু ঢাকায় আনতে তিনটি স্থানে তাকে ১৫০ টাকা করে চাঁদা দিতে হয়েছে।