পশুর চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে সমিতিগুলো
আসন্ন ঈদুল আজহায় কোরবানির গরু ও খাসির চামড়া কেনার দাম নির্ধারণ করে দিয়েছেন চামড়া শিল্পের মালিকেরা।এবার ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে গরুর চামড়ার সর্বোচ্চ দর প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা করা হয়েছে।গতকাল সোমবার রাজধানীর স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ দর নির্ধারণ করে দেওয়ার কথা জানানো হয়।গত বছর ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৩০ টাকা, খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ঢাকার বাইরে গরুর চামড়ার সর্বোচ্চ দর ছিল প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ছিল ২০ টাকা।গতকালের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএফএলএলএফইএর উপদেষ্টা কমিটির সদস্য রেজাউল করিম আনসারী। এ সময় বিটিএ চেয়ারম্যান মো. শাহীন আহমেদ ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।রেজাউল করিম আনসারী বলেন, চামড়া দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। পচনশীল এ কৃষিপণ্যের সদ্ব্যবহার শুধু রপ্তানির মাধ্যমেই সম্ভব। চামড়া প্রক্রিয়াকরণের মাধ্যমে রপ্তানি করা হলে মূল্য সংযোজন হয় ৮২ থেকে ৮৫ শতাংশ। আবার চামড়াকে পণ্য আকারে রপ্তানি করা হলে মূল্য সংযোজন কয়েক গুণ বৃদ্ধি পায়। গুণগত মানের কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা অনেক।রেজাউল করিম আরও বলেন, ২০০৮-০৯ অর্থবছরে বিশ্বমন্দার কারণে চামড়াশিল্পে বিপর্যয় সৃষ্টি হয়েছিল। চামড়া খাতের ক্ষতি কাটাতে সরকার ২০০৯-১০ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের আওতায় প্রস্তুত চামড়ার বিপরীতে সাড়ে ৭ শতাংশ ও ক্রাস্ট চামড়া রপ্তানির বিপরীতে ৫ শতাংশ নগদ সহায়তা দেয়। কিন্তু চলতি অর্থবছরে সরকার প্রস্তুত ও ক্রাস্ট চামড়ার নগদ সহায়তার হার যথাক্রমে ৮ শতাংশ ও ৩ শতাংশ করেছে। তিনি দেশের চামড়া খাতের বিপর্যয় কাটাতে প্রণোদনার হার আগের বছরের মতো অব্যাহত রাখার দাবি জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানির ঈদের সময় বছরের মোট চাহিদার প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ চামড়া সংগ্রহ করা হয়। এর পরিমাণ প্রায় ৭ থেকে ১০ কোটি বর্গফুট। বিএফএলএলএফইএর হিসাব অনুসারে, গত বছর কোরবানি ঈদে দেশে প্রায় ৪৫ লাখ গরু, এক কোটি ছাগল, ৮২ হাজার মোষ ও তিন লাখ ভেড়া জবাই করা হয়েছিল। অ্যানথ্রাক্স বা তড়কা রোগের কারণে এবার কোরবানির জন্য পশুর সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিগত তিন মাসে গরুর জবাই দুই-তৃতীয়াংশ কমে যায় এবং চামড়া প্রাপ্তির হারও কমে যায়। বিগত ঈদুল ফিতরেও ২০ শতাংশের স্থলে মাত্র ৫ শতাংশ গরু জবাই হয়েছে। ডিএমপির বিজ্ঞপ্তি: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যেকোনো ধরনের জোরজবরদস্তিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভারে দমন করা হবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের পুলিশি সহায়তার প্রয়োজন হলে ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষে ৯৬৬৫৪০৭, ৮৬১৪৩০০, ৮৬১৬৫৫৩, ০১৭১৩৩৯৮৩১১, ০১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩ বা ডিএমপির ফোন নম্বর ৯৯৯ এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।