পশুর স্বাস্থ্য পরীক্ষা করেন অফিসের পিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রির জন্য বাজারে আনা গরু ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করছেন পশু হাসপাতালের পিয়ন! স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, পশুসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় মাদারীপুরের শিবচরের হাট-বাজারগুলোয় অবাধে বিক্রি হচ্ছে রোগাক্রান্ত পশুসহ মৃত পশুর মাংস। ফলে উপজেলার সাড়ে চার লাখ মানুষ রয়েছে চরম স্বাস্থ্যঝুঁকিতে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকার খালেক শেখের একটি গরু হঠাত্ অসুস্থ হয়ে পড়লে গত ১৭ নভেম্বর ২২ হাজার টাকায় পৌর বাজারের মাংস বিক্রেতা খলিলের কাছে বিক্রি করে দেন। মাংস বিক্রেতা খলিল ২০ নভেম্বর রাতে খালেক শেখের বাড়ি গরু আনতে যাওয়ার কিছুক্ষণ পরই গরুটি মারা যায়। তখন খলিল মরা গরুটি জবাই করে বেশ কিছু মাংস শিবচর পৌরসভার বাজারে বিক্রি করেন। পরদিন বিষয়টি জানাজানি হলে খলিল গা ঢাকা দেন। সরেজমিনে পৌরসভার বাজার ঘুরে দেখা যায়, চার-পাঁচ দিন আগের গরুর মাংস বিক্রির জন্য আইসক্রিম কারখানায় (বরফ কলে) রেখে দেওয়া হয়েছে। বিক্রেতারা সকালে পশু-চিকিত্সক পশু পরীক্ষা করেছেন বলে দাবি করলেও উপজেলা পশুসম্পদ কর্মকর্তা তা অস্বীকার করেন। পিয়ন দুলালকে পশুগুলো পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। পিয়ন দুলালই নিয়মিত পশু পরীক্ষা করেন বলে পশুসম্পদ কর্মকর্তা জানান।মরা গরুর মাংস বিক্রেতা খলিল মিয়া মুঠোফোনে বলেন, ‘গরুটি অসুস্থ ছিল। আমি গরুর কিছু মাংস বিক্রি করেছি। বাকি অংশ মাটিতে চাপা দিয়ে রেখেছি।’বাজারের পশুর মাংস বিক্রেতা শহিদুল বলেন, ‘মাংস যে দিন বিক্রি না হয় আমি সেগুলো বরফ কলে রাখি। আমি মরা গরুর মাংস বিক্রি করি না।’ ভেটেরিনারি সার্জন (পশুসম্পদ কর্মকর্তা ) বরুণ কুমার দত্ত বলেন, ‘আমি যখন ছুটিতে থাকি, তখন আমার অফিসের পিয়ন দুলাল বাজারে গিয়ে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে।’স্যানিটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক বলেন, ‘বাজারে বাসি মাংস বিক্রি করা নিষেধ। স্থানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে ২৩ নভেম্বর একটি গরুর চারটি রানের বাসি মাংস (প্রায় ৪০ কেজি) বরফ কলে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে আমি সেগুলো উদ্ধার করে মাটিতে পুঁতে রাখি।’