পশুর হাট নিয়ে চাঁদাবাজির অভিযোগ ফখরুলের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীতে যেখানে সেখানে পশুর হাট বসানো হয়েছে। সরকার বা সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ, তারা চাঁদা আদায় করছে। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যেখানে-সেখানে পশুর হাট বসানোর জন্য ক্রেতা-বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৬ নভেম্বর নয়াপল্টনে সমাবেশ, ৭ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ৮ নভেম্বর বিকেল তিনটার দিকে ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা।