পশুর হাটে বাড়তি হাসিল আদায়
শিঙে জড়ানো লাল কাপড়। গলায় রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের মালা। কপালে ত্রিকোণ আকৃতির ‘চান’। সারা শরীরে জরির গুঁড়ো। কোরবানির জন্য কেনা গরুটিকে এভাবেই সাজিয়েছেন ক্রেতা মো. শফিক। তিনি বলেন, ‘নতুন গেস্ট লইয়া যাইতাছি। না সাজাইলে কেমন দেখায়!’পশুর সাজসজ্জার ঘটা থাকলেও অভিযোগ উঠেছে সরকার-নির্ধারিত হারের চেয়ে বেশি হারে হাসিল নেওয়ার। ঈদের ছুটি শুরু হচ্ছে আজ রোববার থেকে। তবে সাপ্তাহিক দুই দিনের ছুটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হওয়ায় ছুটি গড়িয়েছে পাঁচ দিনে। এ কারণে শুক্রবার থেকেই শুরু হয় ঢাকা ছেড়ে যাওয়ার পালা। গতকাল শনিবার রাজধানীর সড়কগুলো ছিল প্রায় যানবাহনশূন্য। আধা ফাঁকা পথে দেখা গেছে সারিবদ্ধ এবং সাজানো অসংখ্য পশু নিয়ে বাসায় ফিরছেন ক্রেতারা। সড়কের কিনারে লাইন ধরে একটার পিছনে একটা গরু বা ছাগল নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা। কখনো ভ্যানগাড়িতে ঠাঁই হয়েছে গলায় মালা পরা ছাগলের। সড়কে সড়কে এমন সজ্জিত পশুর যাত্রা বলে দেয়, রাজধানীজুড়ে বইছে ঈদের উৎসবের হাওয়া।রাজধানীর আগারগাঁও চক্ষু হাসপাতাল-সংলগ্ন পশুর হাটের পাশে গরু সাজানোর সরঞ্জাম বিক্রেতা মো. সোহেল জানান, তাঁরা এক সেট সরঞ্জাম ৪০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এই সেটটিতে আছে গলার মালা, কপালের চান ও শিংয়ের জন্য কাপড়। মান অনুযায়ী একেকটির একেক দাম। গাবতলীর হাটে পশুর সাজসজ্জা উপকরণ বিক্রেতা মনির হোসেন বলেন, ‘এত দিন মাছি মারছি। আজকে (গতকাল) ভালোই বেচছি।’ গরুর মালা কিনতে আসা ক্রেতা মাসুদ রানা তাঁর সদ্য কেনা ষাঁড়ের দিকে ইঙ্গিত করে হেসে বলেন, ‘ভাই, সুন্দর গরু কিনছি। তাই সুন্দর করে সাজাইতেছি।’ শুধু সাজসজ্জা নয়, গাবতলীতে মাংস কাটার বিভিন্ন সরঞ্জামও বিক্রি হচ্ছে দেদারছে। বিক্রেতা মনির কর্মকার বলেন, তাঁরা চাপাতি ৪০০-৫০০, কামেলা ছুরি ৮০-১০০, জবাই ছুরি ৩০০-৬০০, বঁটি ৩০০-৫০০ ও ধার করার রেতি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন। ক্রেতারা পছন্দমতো পশু কিনলেও হাট থেকে পশু নিয়ে বের হয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ, রাজধানীর হাটগুলো এখন লোকে লোকারণ্য। ভিড় ঠেলে গরু কেনার পর হাসিল দিয়ে বের হওয়া অনেকটাই মল্লযুদ্ধের শামিল। সে কারণে হাটের চৌহদ্দি পেরিয়ে গরুর রশি ধরে ফাঁকায় আসার পর ক্রেতারা ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। পলিটেকনিক পশুর হাট থেকে গরু কিনে তড়িঘড়ি করে বাসায় ফিরছিলেন কামাল হোসেন। তিনি বলেন, হাটে প্রচুর ভিড়। গরু কেনার পর হাসিল দিয়ে বের হতে তাঁর সময় লেগেছে পৌনে এক ঘণ্টার মতো। হাটে মানুষের ভিড় ও সড়ক ধরে বাসায় শত শত পশু নিয়ে যাওয়ার কারণে হাট-সংলগ্ন সড়কগুলোতে গতকাল কিছুটা যানজটের সৃষ্টি হয়। তবে যানজটের কারণে যাত্রীদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। কারণ, সবার দৃষ্টি তখন হেঁটে যাওয়া পশুগুলোর দিকে। আগারগাঁও-তালতলা এলাকার সড়কে দেখা যায়, জটে আটকে পড়া কয়েকজন বাসযাত্রী জানালা দিয়ে মাথা বের করে ক্রেতাদের কাছে পশুর দাম জিজ্ঞেস করছেন। অনেক যাত্রী রিকশা থেকে নেমে দেখে নিচ্ছেন পশুর গড়ন। এমন একজন যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ) গরু কিনব তো, তাই দাম আইডিয়া করে নিলাম।’ গতবারের তুলনায় এবার পশুর দাম বেশি হলেও অস্বাভাবিক মনে করছেন না ক্রেতারা। একই মন্তব্য ব্যবসায়ী ও পরিচালনা কমিটিরও। ধোলাইখাল পশুর হাট থেকে ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন মো. সোহাগ। তিনি বলেন, ‘গতবারের তুলনায় হাজার চারেক টাকা বেশি। তবে দাম ক্রয়ক্ষমতার বাইরে নয়।’ গাবতলী, আরমানিটোলা, আগারগাঁও চক্ষু হাসপাতাল-সংলগ্ন পশুর হাট, পলিটেকনিক ও তালতলা পশুর হাটের ক্রেতাদের সঙ্গে কথা বলে একই মন্তব্য পাওয়া যায়। দাম নিয়ে তেমন কোনো সংশয় না থাকলেও হাসিলের হার নিয়ে অভিযোগ করেছেন কয়েকটি পশুর হাটের ক্রেতারা। তাঁদের অভিযোগ, সরকার শতকরা পাঁচ টাকা হাসিল নির্ধারণ করলেও কয়েকটি হাটে এর বেশি নেওয়া হচ্ছে। হাজারীবাগ হাট থেকে ৩২ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘হিসাবে হাসিল আসে ১৬০০ টাকা, অথচ তাঁর কাছ থেকে ১০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে। অপরদিকে আরমানিটোলায় অতিরিক্ত এক টাকা ভ্যাটের কথা বলে শতকরা ছয় টাকা হাসিল নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। আরমানিটোলা পশুর হাটের গরুর ক্রেতা মো. আবদুল্লাহ বললেন, ‘পশু কেনার পর আলাদা একটা আনন্দ লাগে। তাই এক টাকার জন্য কেউ আর বাড়াবাড়ি করে না।’