পশ্চিম আফ্রিকায় জমি ইজারা নিতে বাংলাদেশের প্রস্তাব
জনশক্তি রপ্তানির নতুন বাজার সৃষ্টি এবং লাইবেরিয়া, সেনেগাল, ঘানা, আইভরি কোস্টসহ পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে কৃষিকাজের জন্য জমি ইজারা নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ প্রস্তাবে পশ্চিম আফ্রিকার দেশগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজরুল কায়েস আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখতে সম্প্রতি পররাষ্ট্রসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ওই দেশগুলো সফর করেন। সফরের সময় প্রতিনিধিদলটি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন।পররাষ্ট্রসচিব আজ জানান, কৃষি খাত ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, কারিগরি সহযোগিতা বিনিময়, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত ওই দেশগুলোতে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশন খোলার পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশগুলোর সহযোগিতা জোরদার করতে ওই সব দেশের নাগরিকদেরই কনসাল জেনারেল হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।