পশ্চিম জুরাইনে গৃহবধূর লাশ উদ্ধার
পশ্চিম জুরাইনে ভাড়া বাসা থেকে সোনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, সোনিয়ার স্বামী নাসিরউদ্দিন তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।সোনিয়ার ভগ্নিপতি আবুল হাশেম জানান, সাত মাস আগে প্রেম করে সোনিয়া ও নাসিরউদ্দিন বিয়ে করে। কিন্তু তাঁর এ বিয়ে প্রথমে সোনিয়ার পরিবারের কেউ মেনে নেয়নি। পরে কিছু দিন আগে সোনিয়ার মা লুৎফুন্নেচ্ছা এ বিয়ে মেনে নিয়ে নাসিরউদ্দিনকে ব্যবসার জন্য সাড়ে তিন লাখ টাকা দেন। লুৎফুন্নেচ্ছা প্রায় সাত বছর দুবাই ছিলেন এবং দেশে পাঠানো তাঁর সব টাকা সোনিয়ার অ্যাকাউন্টে আসত।আজ সকালে সোনিয়া ও নাসিরউদ্দিনের কথাকাটাকাটির একপর্যায়ে তুমুল আকার ধারণ করে। এলাকাবাসী সোনিয়ার চিত্কারে ছুটে এলেও এ সময় ঘরের দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে দেখা যায় সোনিয়া গলায় ওড়না পেঁচানো অবস্থায় বাঁশের আড়ার সঙ্গে ঝুলছেন এবং তাঁর পা খাটের সঙ্গে লাগানো।এ সময় নাসিরউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনিসহ পুলিশে দেয়।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন জানান, নাসিরউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার মা নাসিরউদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।