পশ্চিম তীরে তোপের মুখে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীরে যাওয়ার পর সেখানে ফিলিস্তিনিদের তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠক করতে আজ বৃহস্পতিবার পশ্চিম তীরে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ফিলিস্তিনি নেতারা অভিযোগ করে বলেন, মার্কিন মদদে ইসরায়েল তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পদদলিত করছে। আজ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ওবামা বলেছেন, এবারের সফরে তিনি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার নতুন কোনো উদ্যোগ নিয়ে যাননি। তাঁর এবারের সফরের লক্ষ্য ওই অঞ্চলের নেতারা কী ভাবছেন, তাঁদের কাছ থেকে তা জানার চেষ্টা করা। আজ রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ওবামার বৈঠক করার কথা।ওবামার সফরকে কেন্দ্র করে গাজা ও পশ্চিম তীরে এক সপ্তাহ ধরে প্রতিবাদ জানিয়ে আসছে ক্ষুব্ধ ফিলিস্তিনি জনতা। তাদের দাবি, ইসরায়েলি বসতি স্থাপন রোধে তেমন কোনো জোরালো পদক্ষেপ নেননি ওবামা।এদিকে, মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের শুরুতে গতকাল বুধবার ইসরায়েলে যান ওবামা। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলি নেতারা। পরে ইরানের পরমাণু কর্মসূচি ও সিরিয়ার গৃহযুদ্ধসহ আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন ওবামা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে জেরুজালেমে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন এ দুই নেতা।সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানে বহাল থাকার ঘোষণা দিয়েছেন ওবামা ও নেতানিয়াহু। এ সময় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন তাঁরা। ওবামা বলেন, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তবে ওবামার মতে, এ সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব।সিরিয়া প্রসঙ্গে দুই নেতা বলেন, দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হোক—এমনটাই তাঁরা আশা করেন। এ ছাড়া, সিরিয়ার রাসায়নিক অস্ত্র কোনোভাবেই যাতে সন্ত্রাসীদের হাতে না যায়, তা ঠেকাতে তাঁরা বদ্ধপরিকর।আগামীকাল শুক্রবার জর্ডানের উদ্দেশে রওনা হবেন ওবামা।