যুক্তরাষ্ট্র সরকারিভাবে চার দশক ধরে বলে আসছে যে ঢাকা থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতেই পারমাণবিক শক্তিচালিত সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল। সাংবাদিক জ্যাক এন্ডারসন তখনই রিপোর্ট করেছিলেন যে নিক্সন-কিসিঞ্জার মিথ্যা বলেছেন। এখন, অবমুক্ত করা প্রথম আলো কর্তৃক সংগৃহীত একটি মার্কিন নথি বলছে, ‘একাত্তরের ৯ ডিসেম্বরে ওয়াশিংটন স্পেশাল অ্যাকশন গ্রুপ “পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বিজয়ের প্রভাব” শীর্ষক সিআইএর একটি অবস্থানপত্র বিবেচনায় নিয়েছিল। সিআইএ তাতে পাকিস্তান ভেঙে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের চার টুকরা হওয়ার সম্ভাব্যতা খতিয়ে দেখেছিল। ভারতের ওপর মার্কিন প্রভাব খাটিয়ে কীভাবে “পশ্চিম পাকিস্তানি” অখণ্ডতা রক্ষা করা যায়, সেটাই ছিল রাষ্ট্রপতি নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের নেতৃত্বাধীন ওই গ্রুপের বৈঠকের মূল উদ্বেগ। ইতিমধ্যে পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানি নিয়ন্ত্রণ মুছে গেছে। পশ্চিম পাকিস্তানের ওপর ভারতের হামলা বন্ধ করতে একটা শক্তির মহড়া প্রদর্শন করা এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর প্রেরণের বিষয়টি আলোচিত হয়েছিল।’এর আগে নিক্সন তাঁর স্মৃতিকথায় সপ্তম নৌবহর পাঠিয়ে পশ্চিম পাকিস্তান রক্ষায় কৃতিত্ব দাবি করেন। এটা যে শক্তির মহড়া প্রদর্শন ছিল এবং মার্কিন প্রশাসন তা গোপন রেখেছে; সেটা অন্তত এই নথিটি নতুন প্রমাণ দিচ্ছে কি না, তা জানতে চাইলে একজন মার্কিন বিশেষজ্ঞ গত ১১ ডিসেম্বর ওয়াশিংটনে প্রথম আলোকে বলেন, ‘আমি পুরোটা না দেখে বলতে পারব না।’ প্রথম আলোর সংগ্রহে থাকা দলিলটি ১৯৭২ সালে তৈরি হয়েছিল। এই অতি গোপনীয় নথিটির শিরোনাম ‘ভারত-পাকিস্তানি সংকটে নীতিনির্ধারকদের উল্লেখযোগ্য উদ্বেগ’। এতে তথ্য আছে যে একাত্তরের ৬ মার্চ থেকে ১২ ডিসেম্বর এই সংকট নিয়ে মার্কিন সরকারের উচ্চ পর্যায়ে ২৫টি বৈঠক হয়েছিল। এর মধ্যে কিসিঞ্জারের নেতৃত্বাধীন ওই গ্রুপটিই বসেছিল ১৮ বার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন বিশেষজ্ঞ এক ই-মেইল বার্তায় বলেন, ‘সপ্তম নৌবহর নিয়ে এ পর্যন্ত নানা ধরনের নথি প্রকাশিত হয়েছে। যেমন একটি নথি বলছে, কিসিঞ্জার বলছেন, ভারতীয়দের আক্রমণের কারণে জাতিসংঘ মার্কিনদের সরাতে পারছেন না। বিমানবন্দরও অকেজো। তাই নৌবহরের বিমান ব্যবহারই একমাত্র ভরসা। নিক্সন-কিসিঞ্জারের ওভাল অফিসের আলোচনাতেও (টেপ রেকর্ডারে ধারণকৃত) বিষয়টি এসেছে।’১৯৭১ সালের ৮ ডিসেম্বরে নিক্সনকে দেওয়া এক স্মারকে কিসিঞ্জার ওই তথ্য উল্লেখ করেন। একাত্তরের ১৩ ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি আরউইন উল্লেখ করেন, ‘এদিনেই আমেরিকানসহ সব বিদেশি নাগরিককে ঢাকা থেকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়। তবে প্রায় ২০ জন আমেরিকান ঢাকায় থেকে গেলেন এবং তাঁরা সেখানে অব্যাহতভাবে অবস্থান করবেন। তাঁদের ও অন্য বিদেশিদের নিরাপত্তা দেওয়া ভারত ও বাংলাদেশ উভয়ের কর্তব্য।’ওই বিশেষজ্ঞ উল্লেখ করেন, ‘সার্বিক বিচারে বলতে পারি, নিক্সনের সপ্তম নৌবহর পাঠানোর পেছনে বহুবিধ কারণ ছিল। আটকে পড়া আমেরিকানদের ঢাকা থেকে সরানোর ঘোষিত কারণ যেমন ছিল, তেমনি পাকিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়ানো এবং ভারতকে হুঁশিয়ার করা ইত্যাদি কারণও ছিল।’ মাহমুদ আলীর প্রশ্ন: একাত্তরের ১৩ ডিসেম্বরে পাকিস্তানে জাতিসংঘ সাধারণ পরিষদ দলের নেতা ও নুরুল আলম কেবিনেটের সাবেক মন্ত্রী মাহমুদ আলী ইসলামাবাদে বসে পাকিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপপ্রধানের কাছে জানতে চান, ‘সপ্তম নৌবহর কি এসেছে?’ উল্লেখ্য, ‘বাঙালি রাজাকার’ হিসেবে বিতর্কিত মাহমুদ আলী পাকিস্তান ভাঙার দুঃখে আর বাংলাদেশে ফেরেননি। ১৯৭১ থেকে ২০০৬ সাল তাঁর মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তান তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করে রেখেছিল।১৯৭১ সালের ৮ ডিসেম্বরে কিসিঞ্জার মার্কিনদের প্রত্যাবাসন নিয়ে নিক্সনের সঙ্গে কথা বলেন। পাঁচ দিন পরেই সে কাজ সম্পন্ন হয়। আর ১৩ ডিসেম্বরে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড মাহমুদ আলীর ওই মন্তব্য জানিয়ে একটি তারবার্তা পাঠান। এ থেকে পরিষ্কার যে তিনিও এ বিষয়ে অন্তত নির্দিষ্টভাবে অবহিত ছিলেন না। ফারল্যান্ড ওই বার্তায় বলেন, ‘মাহমুদ আলী দাবি করেছেন, তিনি শুনতে পেয়েছেন, সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দিতে নির্দেশ জারি করা হয়েছে এবং ৩৬ ঘণ্টার মধ্যে সেটির পৌঁছানোর কথা ছিল এবং সেই সময়সীমা গত রাতে (১২ ডিসেম্বর) পেরিয়ে গেছে। মাহমুদ আলী বলেছেন, এই খবর তিনি ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রাজার কাছ থেকে শুনেছেন। তাঁর এ-সংক্রান্ত প্রশ্নের উত্তরে আমাদের উপপ্রধান বলেছেন, সপ্তম নৌবহরের খবর তাঁর জানা নেই। কিন্তু এই প্রশ্ন আবার উঠলে কী জবাব দেব, সেটা জানালে ভালো হয়। কিটিং অবাক: সপ্তম নৌবহর পাঠানোর বিষয়ে গোপনীয়তা এমনই ছিল যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিংকেও তা বলা হয়নি। এ নিয়ে পররাষ্ট্র দপ্তরে প্রেরিত তারবার্তায় তিনি প্রচণ্ড উষ্মা প্রকাশ করেন। নিক্সন-কিসিঞ্জার তাঁর প্রতি নাখোশও ছিলেন। দিল্লি থেকে পাঠানো এক তারবার্তায় ১৩ ডিসেম্বরে কিটিং লেখেন, ‘ইন্দিরা গান্ধী তাঁর ১২ ডিসেম্বরের ভাষণে ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তানের চুক্তি সম্পর্কের দিকে ইঙ্গিত করেন।’ তিনি বলেন, ‘ভারত আজ অন্য একটি দেশ দ্বারা আক্রান্ত হতে চলেছে।’ উল্লেখ্য, উভয় দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি ছিল যে পাকিস্তান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র তাতে জড়াবে। পাকিস্তান সেটা স্মরণ করিয়ে দিলেও তা কোনো কাজে আসেনি। ১৫ ডিসেম্বর দিল্লি থেকে কিটিং জানান, ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার ব্যক্তিগতভাবে সপ্তম নৌবহর পাঠানোর প্রতিবাদ করেন।