পূর্ব বাংলা রাষ্ট্রভাষা বাংলা চেয়েছে। চাপিয়ে দেওয়া ‘উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা’ থেকেই সংকটের সহিংস সূচনা। পাকিস্তানিরাও মনে করেন, অনেকে তখনো করতেন ‘একমাত্র’ শব্দটিই সংহতি রক্ষার পরিবর্তে সম্পর্কে ভাঙন ধরিয়েছে।উর্দুকে না মানার আন্দোলনটি পশ্চিম পাকিস্তানেও বিক্ষিপ্তভাবে ঘটেছে। মোহাম্মদ আলী জিন্নাহর নিজের প্রদেশ সিন্ধুতে মাতৃভাষা সিন্ধি—তাহলে সিন্ধি রাষ্ট্রভাষা নয় কেন? সিন্ধুর মুখ্যমন্ত্রী মুহাম্মদ আইয়ুব খুরো বহিরাগতদের ভাষা উর্দুকে তাঁর নিজ জাতির জন্য কবুল করতে চাননি, যা জিন্নাহকে অমান্য করারই শামিল। খুরোর অন্যবিধ অযোগ্যতা—বিশেষ করে তিনি যে দেশ ভাগোত্তর মোহাজের পুনর্বাসনে সাফল্য লাভ করেননি, তা সামনে আনা হয় এবং যথেষ্ট জনপ্রিয় হওয়ার পরও জিন্নাহ ১৯৪৮ সালের ২৬ এপ্রিল তাঁকে বরখাস্ত করেন।আইয়ুব খুরোর জনপ্রিয়তার প্রমাণ—দ্বিতীয়বার তিনি সিন্ধুর মুখ্যমন্ত্রী হন ১৯৫১ সালে এবং ১৯৫৪-৫৫-তে সিন্ধুর গভর্নরের দায়িত্ব পালন করেন।উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা পাঞ্জাবিসহ পশতু, সিন্ধি ও বালুচি—এই চারটি ভাষার ওপরই আঘাত হিসেবে আসে। ভাষার প্রশ্নে ১৯৪৮ সাল থেকেই আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে। তবে নেতৃস্থানীয় রাজনীতিবিদদের ক্রমাগত ডিগবাজি ও সরকারের সঙ্গে আঁতাতের কারণে পশ্চিমাংশের চার প্রদেশের (পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ) কোনোটিতে তা বেগবান হয়ে উঠতে পারেনি। প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক হস্তক্ষেপ ও নির্যাতন বরাবরই শাসক-সহায়ক হয়েছে। আন্দোলন এগোয়নি।বাংলাদেশ হারানোর পর পাকিস্তানি জনগণের ভাষা-বেদনাটি আরও তীব্র হয়ে দেখা দিয়েছে। এখন এমনকি মুক্তমনা মুসলিম লিগাররাও বলতে শুরু করেছেন, সংহতির নামে উর্দু চাপিয়ে দিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঐক্যবদ্ধ করার পরিবর্তে অনৈক্যের বিষয়গুলোকে আরও প্রকট করে তুলেছেন এবং ধর্মীয় যে ঐক্য ছিল পরবর্তীকালে তাতেও ফাটল ধরেছে।গুজরাট থেকে আসা জিন্নাহর উর্দুভাষা প্রতিষ্ঠার উদ্যোগকে আরও তীব্র সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে—ভারত থেকে আসা মোহাজেরদের মুখের ভাষা উর্দুর মাধ্যমে পাকিস্তানের ভাষা ও সংস্কৃতির ‘ইন্ডিয়ানাইজিং’ বা ভারতীয়করণ করা হয়েছে। আর তা ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে গণহত্যার তুল্য। উর্দুর মুখোশে এটা একধরনের ভারতীয় আগ্রাসন—এমন কথাও অন্যান্য মুখ্য ভাষার প্রবক্তা ও কর্মীরা হরদম বলে যাচ্ছেন। তাঁরা বলছেন, পূর্ব পাকিস্তানের স্বাধীন হওয়া থেকে শিক্ষা নিন। ঐক্য ও সংহতির মোহমায়া সৃষ্টি করে অখণ্ড পাকিস্তান (অর্থাৎ চার প্রদেশের দেশ) ধরে রাখা সম্ভব হবে না। পাশাপাশি এটাও সত্য—করাচি, লাহোর ও ইসলামাবাদে নব্য নাগরিক প্রজন্ম মাতৃভাষা বিসর্জন দিয়ে উর্দু ও ইংরেজিকে শুরুতেই আপন করে নিচ্ছে। সারা দেশে শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে উর্দু জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে উর্দু ডেভেলপমেন্ট বোর্ড এবং আঞ্জুমানে-তারাকি-ই-উর্দু। উর্দু ভাষাভাষী জনগণের সংখ্যা এখনো আট শতাংশে পৌঁছেনি। তবে বৃদ্ধির একটি ক্ষীণ প্রবণতা রয়েছে।২০০৮ ও ১৯৯৮ সালের পরিসংখ্যানে প্রধান কয়েকটি ভাষা ব্যবহারকারীর অনুপাত:ভাষা ২০০৮ (%) ১৯৯৮ (%)পাঞ্জাবি ৪৪.১৭ ৪৪.১৫পশতু ১৫.৪৪ ১৫.৪২সিন্ধি ১৪.১২ ১৪.১০সেরাইকি ১০.৪২ ১০.৫৩(দক্ষিণ পাঞ্জাবের ভাষা)উর্দু ৭.৫৯ ৭.৫৭বালুচি ৩.৬৯ ৩.৫৭অন্যান্য ৪.৬৮ ৪.৬৬পাঞ্জাবিরা এখন বলছে, পাঞ্জাবের ভাষা যে উর্দু নয় স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান তা বুঝতে পারেনি। পাঞ্জবি ভাষাও বাংলার মতো দলিত ভাষাই ছিল। কিন্তু পাঞ্জাবিদের উর্দুভাষী মনে করায় তারা পূর্ব পাকিস্তানিদের কাছে ঘৃণিত হয়েছে।পাকিস্তানের ভাষা পর্যবেক্ষকেরাও বলছেন, উর্দু আরও সমৃদ্ধ হোক, কিন্তু উর্দু ভাষার চাদর পরিয়ে জাতীয় সংহতির তোতাবুলিতে সুফল ফলবে মনে করার কোনো কারণ নেই।