পশ্চিমবঙ্গ ও কেরালায় পরাজয় মেনে নিয়েছে সিপিএম
ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও কেরালায় নিজেদের পরাজয় মেনে নিয়েছে কেন্দ্রীয় সিপিএম। পশ্চিমবঙ্গে কংগ্রেস-সমর্থিত জোটের কাছে সিপিএমের বিপুল পরাজয় হলেও কেরালাতে মাত্র দুটি আসনের ব্যবধানে হেরেছে। আজ শুক্রবার সাইফি ডট কম নামে একটি ওয়েবসাইটের খবরে এ তথ্য জানানো হয়েছে।পশ্চিমবঙ্গের বামদের ভরাডুবি উল্লেখ করে সিপিএমের পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেন, ‘জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। আমরা এই নির্বাচনী ফলাফল মেনে নিয়েছি। আমরা পরাজয়ের কারণ বের করার চেষ্টা করছি।’সীতারাম ইয়েচুরি আরও বলেন, ‘সিপিএম-সমর্থিত এলডিএফ কেরালায় খুব কম ব্যবধানে হেরেছে। এলডিএফ পেয়েছে ৬৯টি আসন। আর কংগ্রেস-সমর্থিত জোট পেয়েছে ৭১টি আসন।’সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত বলেন, ‘এটা জনগণের ক্ষমতা এবং আমরা তাদের ক্ষমতাকে সম্মান জানাই।’এটা সিপিএমের একক পরাজয় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা একটি সমন্বিত পরাজয়।’ সিপিআই পশ্চিমবঙ্গে বাম জোটের মধ্যে একটি ছোট দল, যারা ১৯৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল।