পশ্চিমবঙ্গ ও কেরালায় বনধ পালিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার পশ্চিমবঙ্গে শাসকজোট সিপিএমের শ্রমিক সংগঠন সিটু রাজ্যে ২৪ ঘণ্টার বনধ পালন করছে। একই দিন বামশাসিত কেরালা রাজ্যেও শাসকজোট বাম গণতান্ত্রিক মোর্চা বা এলডিএফের প্রধান শরিক সিপিএম ১২ ঘণ্টার হরতাল ডেকেছে। আর বামশাসিত ভারতের অন্য রাজ্য ত্রিপুরায় এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামফ্রন্ট।নয়াদিল্লি সরকার গত শুক্রবার হঠাৎ করে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ঘোষণা দিলে সারা দেশে তীব্র ক্ষোভ দেখা দেয়। সরকার পেট্রলের মূল্য একধাপে ৩ দশমিক ৬৫, ডিজেল ১ দশমিক ৯৫, কেরোসিন ২ দশমিক ৯৭ এবং রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ৩৬ দশমিক ৪০ রুপি বাড়িয়ে দেয়। এই মূল্য বৃদ্ধির ফলে পেট্রলের মূল্য লিটারপ্রতি দাঁড়ায় ৫৫ দশমিক ৩২, ডিজেল ৩৯ দশমিক ৯৪, কেরোসিন ১২ দশমিক ৭২ এবং রান্নার গ্যাস ৩৬৫ দশমিক ১০ রুপিতে দাঁড়ায়।পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিটুর ডাকা ২৪ ঘণ্টার বনধে আজ কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বনধের কলকাতাসহ গোটা রাজ্যে সরকারি-বেসরকারি বাস, ট্যাক্সি ও ফেরিঘাটে লঞ্চ চলেনি। তবে ট্রেন ও বিমান যথারীতি চলেছে। বনধের জেরে বহু শিল্পকারখানায় কাজ হয়নি। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানেও উপস্থিতি কম ছিল।অন্যদিকে কেরালায়ও আজ হরতালে জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। রাজধানী তিরুবনন্তপুরমসহ রাজ্যের কোথাও যানবাহন চলেনি। বন্ধ ছিল হাটবাজার ও দোকানপাট।বিজেপিসহ ভারতের সব বিরোধী রাজনৈতিক দল পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁর কৌশলী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ তিনি করছেন এবং সরকার যাতে দাম বাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করে, সে ব্যাপারে সরকারের কাছে আরজিও জানিয়েছেন। মূলত ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে ভর্তুকি উঠিয়ে নেওয়ার জন্য মূল্য বৃদ্ধির এই উদ্যোগ নেয়। মূল্য বৃদ্ধির পর সরকার ঘোষণা দেয়, বিশ্বের তেলের বাজারই এখন থেকে তেলের বাজার নিয়ন্ত্রণ করবে।