পশ্চিমবঙ্গ কারাগার থেকে দেশে ফিরছেন ৩৭ বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কারাগারে ১১২ জন বাংলাদেশি বন্দী একটানা ছয় দিন অনশন করার পর আজ সোমবার দুপুর ১২টার দিকে অনশন প্রত্যাহার করেছেন। বাংলাদেশ সরকার ৩৭ জন বন্দীকে ফেরত নেবে—এমন খবরের ভিত্তিতে তাঁরা অনশন প্রত্যাহার করেন।রায়গঞ্জ কারাগারের সুপার বিদ্যুত্ কুমার রায় আজ সোমবার প্রথম আলোকে বলেছেন, বন্দীদের বাংলাদেশ সরকার গ্রহণ করছে, এ খবর পাওয়ার পর বন্দীরা অনশন প্রত্যাহার করেন।২ মার্চ থেকে এই বন্দীরা বাংলাদেশে ফেরত যাওয়ার দাবিতে একটানা অনশন চালিয়ে আসছিলেন। আগামী বুধবার সাজার মেয়াদ শেষ হওয়া এই ৩৭ জন বন্দীকে চেংড়াবান্দা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ সরকার বন্দীদের ফেরত নিচ্ছে, এই খবরে বন্দীরা অনশন প্রত্যাহার করেন। উপহাইকমিশনের পক্ষ থেকে অনশন শুরু হওয়ার পর থেকে বন্দীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। বাংলাদেশ সরকারও সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া ৪৬ জন বন্দীর বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত করেছে।