পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদী দমনে যৌথ অভিযান শুরু
মাওবাদী দমনের জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এ অভিযানে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ। তাদের সঙ্গে আধা সামরিক বাহিনী ও সিআরপিএফ কাজ করছে। পশ্চিমবঙ্গ সীমান্তসংলগ্ন ঝাড়খণ্ডের পূর্ব ও পশ্চিম সিংভূম এবং পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মাওবাদী অধ্যুষিত এলাকায় এ অভিযান চলছে। অভিযানে তিনটি হেলিকপ্টার অংশ নিয়েছে। যৌথ বাহিনী বেশ কয়েকটি মাওবাদী ঘাঁটি ধ্বংস করেছে। অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।এদিকে রাজ্যসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মাকেন জানান, দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাওবাদী প্রভাবিত ১২টি রাজ্য যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ুতে মাওবাদী হামলায় ২০০৯ সালে প্রাণ হারিয়েছে ৯০৮ জন। আর হামলা হয়েছে দুই হাজার ২৫৮ বার। তিনি আরও জানান, গত বছর সারা দেশে এক হাজার ৯৮১ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে ।