পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকছে
পশ্চিমবঙ্গের নাম বাংলাতে পশ্চিমবঙ্গই থাকছে। তবে ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের স্থলে হবে পশ্চিমবঙ্গ। আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে এক সর্বদলীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে পশ্চিমবঙ্গ পরিচিত ছিল ওয়েস্ট বেঙ্গল বা ডব্লিউবি হিসেবে। এবার ইংরেজিতে পশ্চিমবঙ্গ বা পিবি করা হবে। এ নাম কেন্দ্রীয় সরকার এবং ভারতের পার্লামেন্ট অনুমোদন দিলে যানবাহন বা অন্যান্য নেমপ্লেট এবং সরকারি নথিপত্রে ‘ডব্লিউবি’-এর স্থলে হয়ে যাবে ‘পিবি’। আজ সর্বদলীয় বৈঠকে বামফ্রন্টসহ অন্য দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গ নামটিকেই বেছে নেয়। যদিও এ রাজ্যের নাম বদলে বাংলা, বেঙ্গল, বঙ্গ, বঙ্গপ্রদেশ, গৌরবঙ্গ, বঙ্গদেশ, বঙ্গভূমি ইত্যাদি রাখার প্রস্তাব আসে। ক্ষমতা গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের। সেই লক্ষ্যে ৩ আগস্ট মুখ্যমন্ত্রী মমতার ডাকে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রথম সর্বদলীয় বৈঠক হয়। ওই বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী বৈঠকের জন্য দিন ধার্য করা হয় আজ ১৯ আগস্ট। আজকের বৈঠকে পশ্চিমবঙ্গ নাম চূড়ান্ত হয়।যদিও এর আগে পশ্চিমবঙ্গ সরকারের নাম পরিবর্তনের এ উদ্যোগকে চ্যালেঞ্জ করে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী জয়দীপ মুখার্জি। তিনি তাঁর আরজিতে বলেছিলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসকে পাল্টে ফেলার এ এক চক্রান্ত। পশ্চিমবঙ্গ এই নামটির মধ্য দিয়েই ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল। এ নামের সঙ্গে রয়েছে এক ইতিহাস।সেই আরজিতে আরও বলা হয়েছে, শুধু মুষ্টিমেয় সরকার ও বিরোধী পক্ষের নেতা জনগণের মতামতকে উপেক্ষা করে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। আরজিতে বলা হয়, প্রয়োজনে নাম পরিবর্তনের জন্য গণভোট নেওয়ার নির্দেশ দিক মহামান্য সুপ্রিম কোর্ট। সেই মামলা এখনো বিচারাধীন। রাজ্যের এ নাম পরিবর্তনে অবশ্য আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেসের জোট শরিক এসইউসিআই।