পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল-সিপিএম মারামারি
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশনে আজ মঙ্গলবার তুমুল মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বামপন্থী দল সিপিএমের বিধায়কদের (এমএলএ) মধ্যে বাগবিতণ্ডা, মারামারি, হাতাহাতি হয়। একপর্যায়ে কেড়ে নেওয়া হয় স্পিকারের মাইক্রোফোনও। হাতাহাতির একপর্যায়ে সিপিএমের এমএলএ গৌরাঙ্গ চট্টোপাধ্যায় মাথায় আঘাত পান। এ ছাড়া তৃণমূলের এমএলএ মাহমুদা বেগম বুকে এবং একই দলের আরেক এমএলএ পুলক রায় পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিধানসভায় সিপিএম ‘চিট ফান্ড’ প্রসঙ্গে মুলতবি প্রস্তাব আনার চেষ্টা করলে তুমুল গন্ডগোল শুরু হয়। এ সময় স্পিকার বিমান ব্যানার্জির দিকে বামপন্থী বিধায়কেরা ছুটে যান। তাঁরা চিত্কার করে স্লোগান দিতে থাকেন। তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম স্পিকারকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে তৃণমূল ও বামপন্থী বিধায়কেরা মুখোমুখি হন। সিপিএমের নেতা নাজমুল হক স্পিকারের মাইক্রোফোন কেড়ে নেন। এ সময় স্পিকার বেলা দেড়টা পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতবি করেন। বিরোধী বামপন্থীরা কংগ্রেসকেও এই হাতাহাতি ও মারামারিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তবে কংগ্রেস তা থেকে বিরত ছিল। বিরতির পরে বিধানসভার অধিবেশন শুরু হলে আবার হাতাহাতি চরমে ওঠে। এ সময় পার্লামেন্ট-বিষয়কমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বামপন্থী নেতাদের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্পিকার বামপন্থী এমএলএ নাজমুল হক, সুশান্ত বেসরা ও আমজাদ হোসেনকে বহিষ্কার করেন। তখনো বামপন্থী নেত্রী দেবলীনা হেমব্রম এবং তৃণমূল নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। এভাবেই শেষ হয় বিধানসভার অধিবেশন।