পশ্চিমবঙ্গে অস্ত্র বোঝাই সন্দেহে বিদেশি জাহাজ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র বোঝাই সন্দেহে একটি মালবাহী জাহাজকে আজ শুক্রবার আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। এজিএএন গ্লোরি নামের এই জাহাজটির আফ্রিকার দেশ লাইবেরিয়া থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা ঘুরে করাচি যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের পুলিশের মহাপরিদর্শক (আইনশৃঙ্খলা) সুরজিত্ কর পুরকায়স্থ এই জাহাজ আটকের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, জাহাজটি এখন ডায়মন্ডহারবারে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই জাহাজে প্রচুর অস্ত্র রয়েছে। পুলিশ এখন তদন্ত শুরু করেছে। জানা গেছে, কলকাতার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই মালবাহী জাহাজটিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলীয় এলাকা নামখানা থেকে আটক করে। জাহাজটি রাতেই পুলিশ, কোস্টগার্ড ও শুল্ক বিভাগের কর্মকর্তারা তল্লাশি শুরু করেছেন। চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি জানান, গ্লোরি নামের জাহাজটি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যানবাহন নিয়ে ১৫ জুন চট্টগ্রাম বন্দরে আসে। এই বন্দরে শান্তিরক্ষা মিশনে ব্যবহূত ১১৮টি গাড়ি নামিয়ে দিয়ে ২৫ জুন কলকাতা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। জাহাজের স্থানীয় প্রতিনিধি জানান, এটির কলকাতা হয়ে করাচি যাওয়ার কথা ছিল। আজ রাতে নামখানা থানা ও আলিপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে জানানো হয় এই ধরনের ঘটনা তাঁরা শুনেছেন। তবে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।