পশ্চিমবঙ্গে এবার তিস্তা বাঁচাও আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে এবার ‘তিস্তা বাঁচাও’ দাবি তুলে নতুন আন্দোলনে নামছে প্রধান বিরোধী দল সিপিআইএম। সিপিআইএমের শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, তিস্তা নদী বাঁচানোর দাবি নিয়ে শিগগির সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আন্দোলন শুরু করতে চলেছেন তাঁরা। তিনি বলেন, তিস্তা নদীকে তার নিজস্ব গতিতে চলতে বাধা দেওয়া হলে এর নেতিবাচক প্রভাব পড়বে সিকিম ও উত্তরবঙ্গের তিস্তাপাড়ের বাসিন্দাদের ওপর। তিস্তার উত্পত্তি ভারতের সিকিম রাজ্যে। সেখান থেকে এই নদী ভারতের উত্তরবঙ্গ হয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। সিকিমে তিস্তা নদীতে মোট ২৬টি জলবিদ্যুত্ প্রকল্প গড়ে তুলতে চায় ভারত। এতে তিস্তার স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে ওই এলাকায় তীব্র মাত্রার ভূকম্পন হয়েছে। এ জন্য অনেকেই তিস্তার স্বাভাবিক গতি ব্যাহত করাকে দায়ী করছেন। তাই সিপিআইএম চাইছে অবিলম্বে এসব প্রকল্প বন্ধ করে তিস্তাকে বাঁচাতে। তিস্তার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হলে পাহাড়ধসের আশঙ্কা বাড়বে। হুমকির মুখে পড়বে শিলিগুড়ি-সিকিম জাতীয় সড়কও।উত্তরবঙ্গের সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য প্রথম আলোকে বলেছেন, দলের সিকিম ও দার্জিলিং জেলার নেতৃত্ব পূজার পরই তিস্তা বাঁচাও আন্দোলনে নামছে। এই আন্দোলনে আরও শরিক হচ্ছে স্থানীয় সামাজিক ও জনকল্যাণমূলক সংস্থাও। ৩১(এ) নম্বর জাতীয় সড়ক লাগোয়া কালিঝোরা থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত তিস্তা নদীর বুকে ২৬টি জলবিদ্যুত্ প্রকল্প চালু করেছে ন্যাশনাল হাইডেল পাওয়ার করপোরেশন। এই প্রকল্পের মধ্যে আবার ছয়টি প্রকল্প উত্তরবঙ্গের আওতাধীন তিস্তার বুকে। অশোক ভট্টাচার্য বলেছেন, শিগগির তাঁরা পরিবেশবিদ, নদীবিশেষজ্ঞ নিয়ে আয়োজন করছেন সেমিনারের। এরপর তাঁরা আন্দোলন শুরু করবেন। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা হতে পারিনি। এই পানি বণ্টন চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম অভিন্ন অবস্থানে রয়েছে।