পশ্চিমবঙ্গে চোলাই মদ পানে ১০৭ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগনা জেলার সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ পান করে নিহতের সংখ্যা আজ বৃহস্পতিবার বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। অসুস্থ হয়ে কলকাতাসহ বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি হয়েছেন অর্ধশত ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।জানা গেছে, কলকাতা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সংগ্রামপুরে গত মঙ্গলবার রাতে চোলাই মদ পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল, মগরাহাট স্বাস্থ্যকেন্দ্র, বানেশ্বরপুর স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়।দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই শ্রমিক, রিকশাচালক ও হকার। এই ১০৭টি মরদেহও ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।জানা গেছে, সংগ্রামপুরে চোলাই মদের বেশ কয়েকটি দোকান রয়েছে। সেখানে প্রকাশ্যেই মদ কেনাবেচা হয়। তবে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ রয়েছে।রাজ্যের সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বাম দলগুলোর একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়।ভারতের বস্তি এলাকায় সাধারণত চোলাই মদ বিক্রি হতে দেখা যায়। এর আগে ভারতের পশ্চিমাঞ্চলে চোলাই মদ পান করে ১১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।