পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ৬৭ জন নিহত
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া রেলস্টেশনে গতকাল রোববার দিবাগত গভীর রাতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক যাত্রী। দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহত ব্যক্তিদের মধ্যে ১০৪ জনকে সিঁউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক।এখন তিনটি উদ্ধারকারী ট্রেন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দল কাটার যন্ত্র দিয়ে ট্রেনের বগি কেটে আটকে থাকা বেশ কয়েকজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণে আজ সোমবার স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। শিয়ালদহ ও হাওড়া থেকে কয়েকটি ট্রেন বাতিল করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।গতকাল রাত দুইটার দিকে সাঁইথিয়া রেল স্টেশনে থেকে বনাঞ্চল এক্সপ্রেস (ভাগলপুর-রাঁচি) ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় কোচবিহার থেকে কলকাতাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি হঠাত্ বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে বনাঞ্চল এক্সপ্রেসের তিনটি বগি দুমড়েমুচড়ে যায়। দুটি বগি উঠে যায় স্টেশনের ওভারব্রিজের ওপর।দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার দুপুরে দিল্লি থেকে ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি বলেন, তদন্ত ছাড়া তিনি এই দুর্ঘটনার কারণ বলতে পারছেন না। তবে তিনি ইঙ্গিত দেন, এর পেছনে অন্য কোনো বিশেষ কারণ থাকতে পারে। তিনি নিহত পরিবারপ্রতি পাঁচ লাখ রুপি, পরিবারের একজনের রেলে চাকরি এবং গুরুতর আহত ব্যক্তিদের এক লাখ রুপি এবং অন্য আহত ব্যক্তিদের ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার নিহত পরিবারপ্রতি তিন লাখ রুপি এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে। মমতা পরে আহত ব্যক্তিদের দেখতে সিঁউড়ি হাসপাতালে যান। এদিকে উদ্ধারকাজে গাফিলতির অভিযোগ তুলে সাঁইথিয়া স্টেশনে বিক্ষোভ দেখায় যাত্রীসহ স্থানীয় লোকজন। তারা নতুন রেল চালুর চেয়ে যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেন লাইনের সুরক্ষার দাবি জানায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সিগন্যাল-ব্যবস্থায় ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।প্রশাসন এর পেছনে এখনো কোনো নাশকতার প্রমাণ পায়নি। তবে তারা জানতে পেরেছে, ট্রেনটি যখন স্টেশনে ঢুকছিল, তখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এমনকি ট্রেনটি অতিদ্রুতগতিতে চলার সময় চালক সিগন্যাল মানেননি। তবে দুর্ঘটনায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের চালক ও সহকারী চালক এবং বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনের গার্ড নিহত হয়েছেন।পশ্চিমবঙ্গের পুলিশের মহানির্দেশক ভূপিন্দর সিং ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এ দুর্ঘটনার সঙ্গে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। তবে পুলিশ খতিয়ে দেখছে, এই দুর্ঘটনার পেছনে কোনো নাশকতা ছিল কি না।বীরভূমের জেলা শাসক সৌমিত্র মোহন জানিয়েছেন, সিঁউড়ি হাসপাতালে রাখা মৃতদেহগুলো শনাক্তকরণের কাজ চলছে।রেল বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাংসদ বাসুদেব আচারিয়া ব্যর্থতার অভিযোগ এনে অবিলম্বে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।