পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় শতাধিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে গতকাল শুক্রবার এক রেল দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। আহত যাত্রীদের খড়গপুর ও কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য মাওবাদীদের দায়ী করেছে পুলিশ ও প্রশাসন।বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের সময় কলকাতার হাওড়া স্টেশন থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যায় জ্ঞানেশ্বরী সুপারফাস্ট নামের একটি যাত্রীবাহী ট্রেন। রাত দেড়টার দিকে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে খেমাশোলি ও শারদিয়া স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণের পর ট্রেনের ১৩টি বগি লাইনচ্যুত হয়। পাঁচটি বগি উল্টে গিয়ে পাশের লাইনে পড়ে। এ সময় পাশের লাইন দিয়ে আসা একটি মালবাহী ট্রেন উল্টে যাওয়া বগিগুলোকে ধাক্কা দেয়। এতে ওই পাঁচটি বগি দুমড়েমুচড়ে যায়। বগিগুলোর যাত্রীদের অধিকাংশই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে চারটি বগি থেকে অন্তত ৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপে আরও মৃতদেহ আটকে আছে বলে তারা মনে করছে। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বগির লোহার পাত কেটে নিহত ও আহত ব্যক্তিদের বের করে আনছেন উদ্ধারকর্মীরা। আহত ব্যক্তিদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে খড়গপুর ও মেদিনীপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী বিনায়ক সাদনা জানিয়েছেন, তিনি ঘুমিয়ে ছিলেন, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারেন, তাঁর বগিটি পাক খেতে খেতে গড়িয়ে যাচ্ছে। এ সময় যাত্রীরা বগির মধ্যে ঘুরপাক খেতে থাকে। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আমি দুই সিটের মধ্যে আটকে গেলাম, আমার হাত লোহার দণ্ডের মধ্যে আটকে ভেঙেচুরে গেল। উদ্ধারকারী লোকজন বের করে নিয়ে আসার আগ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এভাবেই আটকে ছিলাম। আমার স্ত্রীকে এখনো পাওয়া যাচ্ছে না।’আরেক যাত্রী রণজিৎ গাঙ্গুলী বলেন, ‘আমি আমার কামরা থেকে ছিটকে পড়েছিলাম। কিন্তু আমার ছেলে ও স্ত্রী আটকা পড়ে যায়।’পুলিশের ধারণা, লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটিকে উড়িয়ে দিতে চেয়েছিল মাওবাদীরা।রেলওয়ে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মাওবাদীরা কালো সপ্তাহ পালনের ডাক দেওয়ার পর ট্রেন চলাচলের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। রেললাইনে নজরদারিও চালানো হচ্ছিল। এত কিছুর পরও দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো না।জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের চালক জানিয়েছেন, তিনি লাইনে একটি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলেন। উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রেনটি লাইনচ্যুত ট্রেনের বগিগুলোকে ধাক্কা না দিলে এত ব্যক্তির মৃত্যু হতো না বলে রেল কর্তৃপক্ষ দাবি করেছে।রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলমন্ত্রী মৃত প্রত্যেক যাত্রীর পরিবারকে পাঁচ লাখ রুপি ও আহত ব্যক্তিদের দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তিদের পরিবারকে এক লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।আহত ব্যক্তিদের দেখতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিকেলে খড়গপুর হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে দমন অভিযান চলবে।পশ্চিমবঙ্গের আইজি (আইনশৃঙ্খলা) বলেছেন, মাওবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। মাওবাদীদের ছত্রচ্ছায়ায় গঠিত পুলিশি সন্ত্রাসবিরোধী গণকমিটির (পিসিপিএ) পোস্টার দুর্ঘটনাস্থলে পাওয়া গেছে। ওই পোস্টারে তারা এই নাশকতার দায় স্বীকার করেছে বলে জানান আইজি। একটি পোস্টারে লেখা আছে, ‘জঙ্গলমহাল (পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া) থেকে যৌথ বাহিনী প্রত্যাহার এবং নির্যাতন বন্ধের দাবি জানিয়েছিলাম আমরা, কিন্তু আমাদের দাবি মানা হয়নি।’ বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তাদের কাছে ফোন করে এ ঘটনার দায় স্বীকার করেছে মাওবাদী-সমর্থিত পিসিপিএ। তবে পিটিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে কমিটির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। এদিকে মাওবাদীদের মুখপাত্র আকাশ বিবিসিকে জানান, এ ঘটনার জন্য তাঁদের দায়ী করা হলেও তাঁর এ জন্য দায়ী নন।রাজ্য সরকার সিআইডির মাধ্যমে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। তবে দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় রেলমন্ত্রী মমতা দাবি করেছেন, ঘটনা তদন্তের ভার সিবিআইকে দিতে হবে।এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় প্রমুখ।