পশ্চিমবঙ্গে তৃণমূল-কংগ্রেসের ঐতিহাসিক জয়
ভারতের পশ্চিমবঙ্গে টানা ৩৪ বছর শাসনের পর বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী বাম সরকার নির্বাচনে পরাজিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস দলের জোট।সর্বশেষ খবরে জানা গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল-কংগ্রেস জোট পেয়েছে ২১৩ টি আসন, বামফ্রন্ট পেয়েছে ৫৮টি আসন। আজ শুক্রবার বিবিসি বাংলার অনলাইনের খবরে জানানো হয়েছে, বামফ্রন্ট ইতিমধ্যে তাদের পরাজয় স্বীকার করে নিয়েছে।বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩৪ বছর ধরে রাজ্যে বামফ্রন্ট সরকারের ঐতিহাসিক অবস্থানে ছেদ পড়তে চলেছে। এ ফলাফল অপ্রত্যাশিত। বামফ্রন্ট নির্বাচনের এই রায় মাথা পেতে নিচ্ছে এবং বিধানসভায় দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী পক্ষের ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিচ্ছে।’প্রসঙ্গত, ১৯৭৭ সালের ২১ জুন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। ১৯৮২ সালের ২৬ মে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বে দ্বিতীয় দফায় বামফ্রন্ট সরকারের শপথ গ্রহণ করে। দীর্ঘ ২৩ বছর মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন জ্যোতি বসু। ২০০০ সালে তিনি দলের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে দায়িত্ব তুলে দেন।বাম শাসনামলে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়। ফলে ক্ষমতাসীন বামফ্রন্টের বিরুদ্ধে গড়ে ওঠে তীব্র জনমত। বামদের বিরুদ্ধে রয়েছে ব্যর্থতা, দলীয়করণ ও অপশাসনের ভূরিভূরি অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামফ্রন্ট পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বামফ্রন্ট।২০০৯ সালে লোকসভা নির্বাচনে বামপন্থীদের পরাজয় ঘটে। লোকসভা নির্বাচনের পর থেকেই কেন্দ্র সরকারের রেলমন্ত্রীমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস ভূমি অধিগ্রহণের বিষয়টিকে বাম শাসনবিরোধী আন্দোলনের প্রধান ইস্যু হিসেবে গ্রহণ করে।এর পরিপ্রেক্ষিতে বর্তমান বিধানসভা নির্বাচনকে পশ্চিমবঙ্গে ক্ষমতার পটপরিবর্তনের এক উপযুক্ত ক্ষেত্র বলে মনে করছিলেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকদের সে আশঙ্কা এখন সত্যি হতে চলেছে। ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে লাল পতাকার পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।