পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট কাল
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ করা হবে কাল বুধবার। এই ভোট হবে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৭৫টি আসনে। এর মধ্যে কলকাতার রয়েছে ১১টি আসন। পাশের উত্তর ২৪ পরগনায় রয়েছে ৩৩টি এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৩১টি আসন। এই নির্বাচনে ৪৭৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী প্রার্থী ৪৬ জন।বামফ্রন্ট, কংগ্রেস-তৃণমূল জোট এবং বিজেপি সব আসনেই লড়ছে। ১৭ হাজার ৭৯২টি বুথে ভোট দেবেন এক কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ৩৭৬ জন ভোটার। এদিকে নির্বাচনকে ঘিরে কলকাতা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গতকাল সোমবার নির্বাচনের প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতাসহ তিন জেলাতেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা শহরে টহল দেওয়া শুরু করেছেন।শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে এই তিন জেলায় পুলিশের সঙ্গে ৬১০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিযুক্ত করা হয়েছে। এই তৃতীয় দফার ভোটে ২০০টি বুথ থেকে ওয়েব কাস্টিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবারের নির্বাচনে ভাগ্য নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ ১২ জন মন্ত্রীর। অন্যদিকে রাজ্যের বিরোধী দলের নেতা হিসেবে ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর (ফিকি) মহাসচিব অমিত মিত্র, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিব মণীশ গুপ্তের।মণীশ গুপ্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের বিরুদ্ধে। আর অমিত মিত্র লড়ছেন রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের সঙ্গে। অন্য ১১ মন্ত্রীর মধ্যে রয়েছেন গৌতম দেব, অসীম দাসগুপ্ত, রেজ্জাক মোল্লা, রণজিত্ কুণ্ডু, কান্তি গঙ্গোপাধ্যায়, রেখা গোস্বামী, দেবেশ দাস, সুভাষ লস্কর, অনাদি সাহু, আবদুস সাত্তার প্রমুখ ও মোর্তজা হোসেন।এ ছাড়া এই নির্বাচনে আরও ভাগ্য নির্ধারিত হবে অভিনেতা চিরঞ্জিত্, অভিনেত্রী দেবশ্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর। তাঁরা তিনজনই দাঁড়িয়েছেন তৃণমূলের টিকিটে।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভার ছয় দফার নির্বাচন শুরু হয় ১৮ এপ্রিল। ওই দিন ছয়টি জেলার ৫৪টি আসনে ভোট নেওয়া হয়। এরপর দ্বিতীয় দফার ভোট নেওয়া হয় ২৩ এপ্রিল তিনটি জেলার ৫০টি আসনে। পরবর্তী তিন দফার ভোট নেওয়া হবে ৩, ৭ ও ১০ মে। ফলাফল ঘোষিত হবে ১৩ মে।