পশ্চিমবঙ্গে নিশ্চিত জয়ের পথে তৃণমূল-কংগ্রেস
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিশ্চিত জয়ে পথে রয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। ভোট গণনায় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে যথেষ্ট পিছিয়ে আছেন। বামফ্রন্ট সূত্রে জানা গেছে, বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছেন।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সর্বশেষ ফলে তৃণমূল-কংগ্রেস জোট চারটি আসনে জয়ী ও ২১১টি আসনে এগিয়ে রয়েছে। আর ক্ষমতাসীন বামফ্রন্ট তিনটি আসনে জয়ী এবং এগিয়ে রয়েছে ৬৮টিতে। এ বিধানসভায় মোট আসন ২৯৪টি।আজ শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আজ দুপুরের মধ্যে পাওয়া যাবে বলে আভাস দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।তৃণমূল-কংগ্রেস এগিয়ে থাকার খবরে হাজার হাজার সমর্থক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে সবুজ রঙের আবির মেখে আনন্দ করছে।এদিকে তৃণমূল-কংগ্রেস নেত্রীকে প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।