পশ্চিমবঙ্গে পর্যটকদের নিরাপত্তায় ‘টুরিস্ট পুলিশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা শহরসহ পুরো পশ্চিমবঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় ‘টুরিস্ট পুলিশ’ নিয়োগ করা হচ্ছে। পুলিশের এসব সদস্য পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিয়োজিত থাকবেন। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে এই বাহিনী। সদ্য অবসর নেওয়া পুলিশ কর্মকর্তাদের এই টুরিস্ট পুলিশের অন্তর্ভুক্ত করা হতে পারে। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের এই কার্যক্রমের মূল উদ্যোগ নিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। বিমানবন্দর, বিভিন্ন রেলস্টেশন, বাস টার্মিনাল ও রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে টুরিস্ট পুলিশ নিয়োগ করা হবে। পর্যটকেরা যেকোনো ধরনের সাহায্যের জন্য টুরিস্ট পুলিশের ‘হেল্পলাইন’-এর সাহায্য নিতে পারবেন। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটনকেন্দ্রগুলোতে নারীসহ পর্যটকদের বিভিন্নভাবে নাজেহাল হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজ্য সরকারকে নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টুরিস্ট পুলিশ নিয়োগের এই উদ্যোগ নিল।