জনমত জরিপে তৃণমূল কংগ্রেসের কাছে বাম মোর্চার শোচনীয় পরাজয় ঘটতে যাচ্ছে। রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়াভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের গতকাল সোমবার প্রথম দফার ভোট নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ছয় জেলার ৫৪টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। রাজ্যের বিধানসভার ২৯৪টি আসনে ছয় দফায় ভোট নেওয়া হবে।গতকাল সকালে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় একযোগে ভোট নেওয়া হয়। স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হয়। এসব আসনে লড়ছেন ৩৬৪ জন প্রার্থী। ভোট দিয়েছেন ৯৭ লাখ ৪২ হাজার ১২৮ জন ভোটার। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট নেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রত্যেক বুথে পুলিশের সঙ্গে একজন করে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান নিয়োগ করা হয়। ১২ হাজার ১৩১টি কেন্দ্রে ভোট নিতে নিয়োগ করা হয় ৪০ হাজারের বেশি কর্মী। এক হাজার ৮০০ ভোটকেন্দ্র অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। ভোটকেন্দ্রে স্থাপন করা হয় ভিডিও ক্যামেরা।উন্নয়নবঞ্চিত মালদহের ছয়টি কেন্দ্র, জলপাইগুড়ির কুমারগ্রাম ও দক্ষিণ দিনাজপুরের দুটি কেন্দ্রে ভোট বয়কট করেন ভোটাররা। কোচবিহারের শীতলকুচিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি নির্বাচনী জটলা ছত্রভঙ্গ করার সময় জনতার ওপর লাঠিচার্জ করলে দুজন আহত হয়। মালদহে কংগ্রেস নেতা আবু নাসের চৌধুরী নির্বাচন কমিশনে এক অভিযোগ দায়ের করে বলেছেন, তিনটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে সিপিএম। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে একজন প্রিসাইডিং কর্মকর্তার টেলিফোনে এক সিপিএম নেতার সঙ্গে কথা বলায় তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। একইভাবে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এই জেলায় আরও চারজন প্রিসাইডিং কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। মালদহের মহিলা কলেজে পশ্চিমবঙ্গের মন্ত্রী শৈলেন সরকার ভোট দিতে যাওয়ার সময় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এক বচসার জের ধরে ওই নিরাপত্তাকর্মীদের হাতে সাংবাদিকেরা লাঞ্ছিত হন। রাজ্যে এরপর ২৩ এপ্রিল দ্বিতীয় দফা, ২৭ এপ্রিল তৃতীয় দফা, আগামী ৩ মে চতুর্থ দফা, ৭ মে পঞ্চম দফা ও ১০ মে শেষ দফায় ভোট অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। ১৯৭৭ সাল থেকে রাজ্যের প্রত্যেক নির্বাচনে জয়লাভ করেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআইএমের নেতৃত্বাধীন বাম মোর্চা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত, পার্লামেন্টারি ও পৌর নির্বাচনে ধারাবাহিক পরাজয় ঘটেছে বাম মোর্চার। এক জনমত জরিপে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাম মোর্চার শোচনীয় পরাজয় ঘটতে যাচ্ছে। তিনি ইতিমধ্যেই অন্যতম শীর্ষস্থানীয় ক্ষমতাশালী রাজনৈতিক নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি তাঁর ভক্তদের কাছে ‘দিদি’ বা ‘বোন’ হিসেবে পরিচিত।মমতা সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে বলেন, ‘রাজ্য সরকারের পরাজয় দেয়ালে লেখা হয়ে গেছে।’ মমতার তৃণমূল কংগ্রেস এবার ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ১৯ জন প্রতিনিধি রয়েছেন।পশ্চিমবঙ্গে কংগ্রেস লড়ছে ৬৫টি আসনে। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ২২৬টি আসনে। সম্প্রতি এক জনমত জরিপের পূর্বাভাসে বলা হয়েছে, নির্বাচনে তৃণমূল জোট ২১৫টি আসনে জয়ী হবে। অন্যদিকে বামপন্থী জোট পাবে ৭৫টি আসন।২০০৯ সাল থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মমতা। রেলমন্ত্রী হওয়ার পর চারবার উত্তরবঙ্গ সফর করেছেন। তিনি অবহেলিত বালুরঘাটকে ভারতের রেল মানচিত্রে যুক্ত করেছেন। একাধিক নতুন ট্রেন দিয়েছেন। জলপাইগুড়িতে রেলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসবই উত্তরবঙ্গের রাজনীতির চেহারা পাল্টে দিয়েছে। একদা ‘কংগ্রেসের ঘাঁটি’ বলে পরিচিত উত্তরবঙ্গজুড়ে এখন পরিবর্তনের হাওয়া। পরিবর্তনের হাওয়া ছাড়াও অনুন্নয়ন উত্তরবঙ্গের অন্যতম ইস্যু। আছে জাতিগত ইস্যুও। রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে এবার আশাতীত ফল করবে তা নিয়ে খোদ সিপিএম নেতাদের মধ্যেও সংশয় নেই। গত ৩৪ বছর টানা বামপন্থী শাসনে রাজ্যে শুরুতে কৃষি বিপ্লবের প্রতি নজর দেওয়া হয়েছিল। এতে কিছু সফলতা এলেও ৩৪ বছরে শিল্পের সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে। ঋণের জালে জড়িয়ে পড়েছে রাজ্য। এতে সরকারের বিরুদ্ধে গণঅসন্তোষ দানা বেঁধে উঠেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এ সুযোগ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন।