পশ্চিমবঙ্গে প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শুক্রবার শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বেলা একটা এক মিনিটে কলকাতার রাজভবনে তিনি বাংলা ভাষায়ই শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন। এর ফলে পশ্চিমবঙ্গে বাম জোটের টানা ৩৪ বছরের শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল।আজ রাজভবনে এ সময়ে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ বাম মন্ত্রিসভার সদস্যরা। নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজন, সিঙ্গুরে নিহত তাপসী মালিকের মা-বাবা, নেতাই-কাণ্ডে নিহতদের পরিবার, বর্ধমানের সাঁইবাড়ি-কাণ্ডে জীবিতরা। এ ছাড়া কলকাতার দুজন হকার, দুজন রিকশাওয়ালা, দুজন বস্তিবাসী এবং যৌনকর্মীদের নিয়ে কাজ করেন এমন দুজন স্বেচ্ছাসেবীও। উপস্থিত ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন, সমীর রায়। পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ তিন হাজার ২০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।কংগ্রেসকে যে সাতটি দপ্তর মমতা ছেড়েছেন, তার মধ্যে দুটি পূর্ণমন্ত্রী এবং বাকি পাঁচটি প্রতিমন্ত্রীর। দুজন মন্ত্রী হিসেবে মানস ভুঁইয়া এবং আবু হেনা শপথ নিয়েছেন।মমতার বিশেষ অনুরোধে শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত ছাড়াও একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়। পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত ২৯৪ আসনবিশিষ্ট রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বাম জোটের চরম ভরাডুবি ঘটে। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জোট ২২৭টি আসনে জয়ী হয়। বাম জোট পায় মাত্র ৬২টি আসন। মমতার মন্ত্রিসভাপূর্ণমন্ত্রী (তৃণমূল): ১. পার্থ চট্টোপাধ্যায়, ২. সুব্রত মুখোপাধ্যায়, ৩. সুব্রত বক্সি. ৪. মণীশ গুপ্ত, ৫. জাভেদ খান, ৬. অমিত মিত্র, ৭. উপেন বিশ্বাস, ৮. রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ৯. জ্যোতিপ্রিয় মল্লিক, ১০. শান্তিরাম মাহাতো, ১১. হায়দার আজিজ সফি, ১২. মলয় ঘটক, ১৩. পূর্ণেন্দু বসু, ১৪. ব্রাত্য বসু, ১৫. হিতেন বর্মণ, ১৬. গৌতম দেব, ১৭. নুরে আলম চৌধুরী, ১৮. শঙ্কর চক্রবর্তী, ১৯. সদর্শন ঘোষ দস্তিদার, ২০. সাধন পাণ্ডে, ২১. শ্যামাপদ মুখোপাধ্যায়, ২২. উজ্জ্বল বিশ্বাস, ২৩. ফিরহাদ হাকিম, ২৪. সুকুমার হাঁসদা, ২৫. সৌমেন মহাপাত্র, ২৬. অরূপ রায়, ২৭. চন্দ্রনাথ সিংহ, ২৮. রচপাল সিংহ, ২৯. করিম চৌধুরী, ৩০. সাবিত্রী মিত্র, ৩১. রবিরঞ্জন চট্টোপাধ্যায়। পূর্ণমন্ত্রী (কংগ্রেস): ১. মানস ভূঁইয়া ও ২. আবু হেনা। প্রতিমন্ত্রী (তৃণমূল): ১. মদন মিত্র, ২. মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, ৩. সুব্রত সাহা ও ৪. শ্যামল মণ্ডল।