পশ্চিমবঙ্গে বনধ করতে দেবেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে কোনো ধরনের বনধ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার হুগলির মহেশ্বরপুর স্কুলমাঠে দলীয় এক সমাবেশে মমতা এ ঘোষণা দেন।কেন্দ্রীয় ইউপিএ জোট সরকারের জনবিরোধীনীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ভারতের বামপন্থীসহ ১১টি শ্রমিক সংগঠন।এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে গতকাল মমতা বলেন, পশ্চিমবঙ্গে কোনো বনধ করতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন রাজ্যের মানুষ ভালো আছে। বেড়াতে যাচ্ছে, নাটক করছে, গান শুনছে, পিঠে-পুলি খাচ্ছে। বামদের আমলে তো মানুষ ভয়ে জুজু হয়ে থাকত।’তবে এই বনধের সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো পশ্চিমবঙ্গে প্রচার শুরু করেছে। তারা বনধ সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে।২০১১ সালের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে হরতাল বা বনধের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার তিনি বনধের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন।