পশ্চিমবঙ্গে বাম পতনের ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের ফলাফলই বলে দেয়, কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের জনগণের আস্থা হারিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কাছে এমন পরাজয়ের কথা ভুলেও কল্পনা করেনি বামফ্রন্ট। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কথায়ও এর প্রতিধ্বনি মেলে, ‘এ ফলাফল আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত।’ জনমত জরিপ, বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী—সবই ছিল কমিউনিস্টদের বিপক্ষে। শুধু বামফ্রন্টই ভাবতে পারেনি তাদের এই পরাজয়ের কথা। আসলে তারা জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে। ৩৪ বছর ধরে তারা রাজ্য শাসন করেছে ঠিকই; কিন্তু এই সময়ে তারা ধীরে ধীরে জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। তারা ভাবত, পশ্চিমবঙ্গ মানেই বাম শাসন। কোনো দলের অস্তিত্ব তাদের কাছে কখনো বড় হয়ে ধরা দেয়নি। পরিবর্তনের ডাক দিয়ে মমতা ব্যানার্জি জনগণের মনে স্থান করে নিয়েছেন। জনগণ যে বাম শাসনে অতিষ্ঠ, পরিবর্তনের জন্য জনগণ যে মরিয়া, বামেরা তা অনুভবই করতে পারিনি। বিমান বসুও সেটা মেনে নিয়েছেন। তাঁর স্বীকারোক্তি, ‘আমরা এটা বুঝিনি। তৃণমূলের জনগণের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। কিন্তু জনগণ তাদের মুখ খোলেনি। আমরা তাদের পরিবর্তনের মনোভাব মূল্যায়ন করতে পারিনি। ’এর সহজ অর্থ—বামরা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল, জনগণ তাদের বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার খবর বামফ্রন্ট যে একেবারেই টের পায়নি, তা নয়। এ কারণেই জনগণের মন টানতে দুই মাস আগে তারা দুটি লোভনীয় প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়। তারা বলেছিল, জনগণকে সস্তায় চাল ও গরিবদের বিনে পয়সায় চিকিত্সা সুবিধা দেবে। আর ক্ষমতায় এলেই তারা তা বাস্তবায়ন করবে। ভারতের অনেক রাজ্যেই এই প্রকল্প চালু রয়েছে। অথচ এত দিন পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে শেষ সময়ে বামদের এই প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গের জনগণ বিশ্বাস করেনি।১৯৭৭ সাল থেকে বামরা ক্ষমতায় আছে। রাজ্যের উন্নয়নে বেশ কিছু ভালো উদ্যোগ তারা নিয়েছে। এর মধ্যে ভূমি সংস্কার, গ্রাম কাউন্সিল গঠন, কৃষক ও মেহনতি মানুষের কিছু মর্যাদা প্রদান ইত্যাদি অন্যতম। তারা দারিদ্র্য হ্রাস ও জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রেখেছে। তবে এই সুবিধা পেয়েছে খুব রাজনৈতিক সচেতন কিছু মানুষ। বিশ্লেষকেরা বলছেন, আসলে বামপন্থীরা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারেনি। এ কারণেই তারা হেরেছে। তাদের দরকার ছিল নতুন প্রতিশ্রুতি, নতুন পরিকল্পনা।ভারতের সমাজবিজ্ঞানী দ্বৈপায়ন ভট্টাচার্য মনে করেন, বিশ্বায়নের বাজার ব্যবস্থার চাপের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বামরা পথ হারিয়েছে। জাতীয় অর্থনীতিতে পুঁজির প্রভাব ও বেসরকারি পুঁজি টানতে বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতার চলমান প্রবণতা বামদের বিপদে ফেলেছে। তাদের করপোরেটবিরোধী, বিশ্বায়নবিরোধী দর্শনের সঙ্গে এর সমন্বয় করতে গিয়ে তারা তালগোল পাকিয়ে ফেলেছে। এ কারণে তারা গত কয়েক বছর ধরে অস্থিরতায় ভুগেছে। শেষের দিকে পুঁজির ব্যাপারে তাদের অবস্থান ছিল কিছুটা নমনীয়। ফলে রাসায়নিক কেন্দ্র ও গাড়ি কারখানা গড়তে তারা সম্মত হয়েছিল। আর তা বাস্তবায়ন করার জন্য কৃষি জমি অধিগ্রহণ করতে গিয়েই তাদের পতনের চূড়ান্ত ঘণ্টা বেজে যায়। অথচ তারাই এই কৃষকদের ক্ষমতায়িত করতে একদিন জমি দিয়েছিল। শুধু তা-ই নয়, যারা বামদের ভোট দেয়নি, তাদের প্রতি সরকারের আচরণ ছিল বৈষম্যমূলক। যারা বামদের সমর্থন করেছে, তাদেরই কেবল উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গে বামদের এই শোচনীয় পরাজয় অনেকের কাছে এ বার্তাই পৌঁছে দেয় যে, ভারতে কমিউনিজম তাদের আবেদন হারিয়েছে। তবে এ ধারণা কতটুকু সত্য তা প্রশ্নসাপেক্ষ। কেননা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা নিজেও বলেছেন, ‘আমি কমিউনিজমের বিরুদ্ধে নই, কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে।’আসলে পশ্চিমবঙ্গের বাম শাসকেরা সমগ্র ভারতে গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা ও পুঁজির দ্রুত বিকাশের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে। তারা জনগণকে নতুন কোনো স্বপ্ন দেখাতে পারেনি, পারেনি কোনো উন্নত জীবনের প্রতিশ্রুতি দিতে। তাদের পরিকল্পনায় ছিল না কোনো নতুনত্ব। বিশ্লেষকদের ধারণা, নিজেদের ভোটব্যাংকের সহায়তায় বামরা হয়তো আবার ভালোভাবেই রাজনীতিতে ফিরে আসবে। তবে তা নির্ভর করছে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তারা কতটা খাপ খাওয়াতে পারবে তার ওপর। তবে ইতিহাস সাক্ষী, তাদের সে সম্ভাবনা ক্ষীণ।(বিবিসি অবলম্বনে)