পশ্চিমবঙ্গে বিদেশি কারাবন্দীদের বিশেষ সুযোগ
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বিদেশিরা নিজের দেশের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন শিগগিরই। তাঁরা যাতে ল্যান্ডফোনে নিজ নিজ দেশের স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন, সে জন্য পশ্চিমবঙ্গের কারা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে কারা কর্তৃপক্ষের এই প্রস্তাব পাঠানো হয়েছে।এতে বাংলাদেশের বন্দিরা বেশি লাভবান হবেন। কারণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বিদেশিদের বেশির ভাগই বাংলাদেশি। কলকাতার প্রেসিডেন্সি, দমদম কেন্দ্রীয় কারাগার ও আলীপুর কেন্দ্রীয় কারাগারের বিদেশি বন্দীদের আইএসডি ফোনে কথা বলার প্রথম সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, পশ্চিমবঙ্গের ওই তিনটি কারাগারে এখন দুই হাজার ২০০ জন বাংলাদেশি বন্দী আছেন। এ ছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান ও মিয়ানমারের ৩৬ জন বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে চারজন নারী। পশ্চিমবঙ্গ কারা দপ্তরের আইজি রণবীর কুমার প্রথম আলো ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী বিদেশিদের বেশির ভাগই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার দাবিতে বন্দীরা কারাগারের মধ্যে আন্দোলনও করেছেন। কারণ, বন্দীরা পরিবার পরিজনের সঙ্গে কথা বলতে না পেরে হতাশ হয়ে পড়ছেন। মানসিকভাবে ভেঙে পড়ছেন। তাই মানবিক কারণে কারা দপ্তর রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠিয়েছে।অন্যদিকে ভাষাগত কারণে নাইজেরিয়া বা মিয়ানমারের মতো দেশের বন্দীদের সঙ্গে পশ্চিমবঙ্গের কর্মকর্তাদের কথা বলা কঠিন হয়ে পড়ে। এসব কারণে সব বিদেশি বন্দীকে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হলে ওইসব বন্দির বিচারের পাশাপাশি তাঁদের দেশে ফেরত পাঠানোর কাজ সহজ হবে। তাই পশ্চিমবঙ্গ কারা দপ্তর এই মানবিক উদ্যোগ নিয়েছে।