পশ্চিমবঙ্গে বিদ্যালয় ও মাদ্রাসার পাঠ্যক্রম এক
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিদ্যালয় ও মাদ্রাসার পাঠ্যক্রম এক। অন্য ধর্মাবলম্বীরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত মাদ্রাসায় পড়ার সুযোগ পায়। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় শুধু মুসলমানেরা। আজ শুক্রবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সফরের অংশ হিসেবে আজ তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন করেন। মতবিনিময় সভায় আবদুস সাত্তার বলেন, ভারতের সংবিধান সে দেশে বসবাসকারী সব ধর্মের জনগণের সমান অধিকার নিশ্চিত করেছে। এ কারণে পশ্চিমবঙ্গের মুসলমানেরা রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করছে। নিজেকে অখণ্ড বাংলার একজন অধিবাসী উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মুসলমানেরা ভারতে রাতারাতি সংখ্যালঘুতে পরিণত হয়। তবে ৬০ বছরে মুসলমানেরা অনেক এগিয়ে গেছে।পশ্চিমবঙ্গের এই প্রতিমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের বাঙালিরাও প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস পালন করে।