পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনেও মমতা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভার উপনির্বাচনেও জয়ী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায়কে ৫৪ হাজার ২১৩ ভোটে হারান। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে মমতা পেয়েছিলেন ৭৩ হাজার ৬৩৫টি ভোট আর নন্দিনী পেয়েছেন ১৯ হাজার ৪২২টি ভোট। আজ বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।মমতা বন্দ্যোপাধ্যায় সুদীর্ঘকালের রাজনীতিতে এই প্রথম বিধানসভার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। তবে তিনি লোকসভার (সাংসদ) আসনে লড়েছেন সাতবার। মমতার এই আসনে গত এপ্রিল-মে মাসের সর্বশেষ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী সুব্রত বকসী। তিনি সিপিএমের নারায়ণ জৈনকে ৪৯ হাজার ৯৩৬ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন।অন্যদিকে বসিরহাট উত্তর আসনেও এবার জিতেছেন তৃণমূল প্রার্থী এ টি এম আবদুল্লাহ। তিনি সিপিএমের প্রার্থী সুবিদ আলী গাজিকে ৩০ হাজার ৯৪১ ভোটে হারিয়েছেন। এই আসনটি ছিল সিপিএমের। গত নির্বাচনে সিপিএমের প্রার্থী মোস্তফা বিন কাসেম জিতেছিলেন মাত্র তিন হাজার ৯৪৩ ভোটের ব্যবধানে। মোস্তফা বিন কাসেম গত মে মাসে আত্মহত্যা করলে আসনটি শূন্য হয়।