পশ্চিমবঙ্গে বিস্ফোরণের পর দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮
পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রামের কাছে গতকাল বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের পর দুই ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি এবং আহতদের দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রাতে হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি ঝাড়গ্রামের কাছে খেমাশোলি ও শারদিয়া স্টেশনের মাঝামাঝি স্থানে এলে রেললাইনে বিস্ফোরণের কারণে দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িটির ১৩টি বগি লাইনচ্যুত হয়। পাঁচটি বগি উল্টে গিয়ে পাশের লাইনে পড়ে। এ সময় পাশের লাইন দিয়ে আসা একটি মালগাড়ি উল্টে যাওয়া বগিগুলোকে ধাক্কা দেয়। এর ফলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এই পাঁচটি বগির যাত্রীদের অনেকেই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বগির লোহার পাত কেটে হতাহতদের বের করে আনার কাজ চলছে। আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে খড়গপুর ও মেদিনীপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মাওবাদীরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটিকে উড়িয়ে দিতেই লাইনের একাংশে বিস্ফোরণ ঘটিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রেলওয়ে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মাওবাদীরা কালো সপ্তাহ পালনের যে ডাক দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। রেললাইনেও নজরদারি চালানো হচ্ছিল। এ ছাড়া জঙ্গলমহল দিয়ে যাওয়া ট্রেনগুলোর গতিবেগও কম রাখা হয়েছিল। কিন্তু তার পরও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। তিনি বলেন, উল্টোদিক থেকে আসা মালগাড়িটি লাইনচ্যুত ট্রেনটিকে ধাক্কা না দিলে এতজনের মৃত্যু হতো না।