পশ্চিমবঙ্গে মাইন বিস্ফোরণে সিআরপিএফের ৪ জওয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঁচ রাজ্যে মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টা বনধের মধ্যে মাওবাদীরা ব্যাপক সহিংসতা চালিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহারে। গতকাল মঙ্গলবার থেকে এই বনধ মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িষা, পশ্চিমবঙ্গ ও বিহারে শুরু হয়েছে। মাওবাদীরা আইপিএল ক্রিকেট বন্ধ, সরকারি সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন কারাগারে বন্দী মাওবাদীদের অবিলম্বে মুক্তির দাবিতে এই বনধের ডাক দিয়েছে।এই বনধের মধ্যেই আজ বুধবার মাওবাদীরা পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পিংবনি-রামগড়ের মধ্যে টহলরত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি লক্ষ্য করে স্থলমাইনের বিস্ফোরণ ঘটায়। এতে সিআরপিএফের চার জওয়ানের মৃত্যু হয়। আহত হন দুই কমান্ড্যান্ট। আহতদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।একই দিন মাওবাদীরা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের কাছে খাটকুড়া হল্ট স্টেশনে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে একটি মালগাড়ি লাইনচ্যুত করে। এতে ওই মালগাড়ির দুই ড্রাইভার আহত হন। ব্যাপক ক্ষতি হয় মালগাড়িটির।