পশ্চিমবঙ্গে মাওবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
পশ্চিমবঙ্গে গতকাল সোমবারের মাওবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে আধাসামরিক বাহিনীর জওয়ান রয়েছেন ২৪ জন, স্থানীয় কলেজের ছাত্র একজন।আজ মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের পুলিশের মহানির্দেশক ভূপেন্দ্র সিং ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, জওয়ান ছাড়া তিনজন মাওবাদীর মৃত্যুর খবরও তাঁরা পেয়েছেন। মাওবাদীরা ক্যাম্পের অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানে করে ওই মৃতদেহ নিয়ে গেছে। ফলে পুলিশের হিসাবে ওই ঘটনায় নিহতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৮ জনে।পুলিশের মহানির্দেশক বলেন, মাওবাদীরা ক্যাম্প থেকে ৪০টি আধুনিক অস্ত্র এং প্রচুর গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে। মাওবাদীরা পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে এসে রাতের আঁধারেই আবার ঝাড়খন্ডে পালিয়ে গেছে।মাওবাদীদের আস্তানা খুঁজে বের করতে আজ ভোর থেকে ঘটনাস্থল শিলদারের পার্শ্ববর্তী লোধাশুলি জঙ্গলজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।আজ সকালে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তী জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযান চলবেই। অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পশ্চিমবঙ্গে মাওবাদী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এখন মাওবাদী সমর্থকদের ওই ঘটনার নিন্দা করা উচিত। মাওবাদীদের সঙ্গে কোনো সহানুভূতি নয়।মাওবাদী নেতা কিষেনজিও হুমকি দিয়ে বলেছেন, সরকারের গ্রিনহান্ট অপারেশনের বদলা হিসেবে তারাও শুরু করেছে অপারেশন পিসহান্ট। গ্রিনহান্ট বন্ধ না হলে পিসহান্টও বন্ধ হবে না।