পশ্চিমবঙ্গে শীর্ষ মাওবাদী নেতা শশধর মাহাত নিহত
পশ্চিমবঙ্গে জঙ্গল মহলের শীর্ষ মাওবাদী নেতা শশধর মাহাত গতকাল বৃহস্পতিবার যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে যৌথ বাহিনী খবর পায় যে শশধর মাহাতের নেতৃত্বে একদল মাওবাদী পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার জামবনি থানার চনসরো গ্রামের জঙ্গলে জড়ো হয়েছেন। দুপুরেই যৌথ বাহিনী ওই জঙ্গল ঘিরে ফেলে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলি করতে থাকে। এ সময় যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। এই গোলাগুলি সন্ধ্যা পর্যন্ত চলে। এতে নিহত হন শশধর মাহাত এবং আহত হন আরেক মাওবাদী নেতা। পুলিশ আহত নেতাকে গ্রেপ্তার করেছে। তবে পালিয়ে যান শশধর মাহাতের স্ত্রী, মাওবাদী মহিলা স্কোয়াডের শীর্ষ নেত্রী সুচিত্রা মাহাত ও তাঁর সঙ্গীরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করে।সিবিআই শশধর মাহাতকে ধরিয়ে দেওয়ার জন্য দুই লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। এ ছাড়া শালবনীতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে মাইন বিস্ফোরণ, শিলদা পুলিশ ক্যাম্পে হামলা এবং জ্ঞানেশ্বরী ট্রেনে বিস্ফোরণের ঘটনার মূল হোতা ছিলেন শশধর।