পশ্চিমবঙ্গে ৮১ পৌরসভায় বিপুল ভোটে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সংবাদপত্র ও সংবাদমাধ্যমের সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার কলকাতা পৌর করপোরেশনসহ পশ্চিমবঙ্গের ৮১টি পৌরসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। মূলত এবার পরিবর্তনের হাওয়ায় তছনছ হয়ে যেতে বসেছে বামফ্রন্টের সাজানো বাগান। গত রোববার ভোট গ্রহণ করা হয়। আজ বুধবার চলছে ভোট গণনা। সকাল আটটা থেকে শুরু হয়েছে এই গণনা। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, কলকাতা পৌর করপোরেশন, বিধাননগর (সল্টলেক) পৌরসভাসহ রাজ্যের ৮১টি পৌরসভার অধিকাংশেরই দখল নিতে চলেছে তৃণমূল । কলকাতা পৌর করপোরেশনের ১৪১টি ওয়াডের সর্বশেষ ফলাফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে রয়েছে ৯৭টি ওয়ার্ডে। অন্যদিকে বামফ্রন্ট এগিয়ে রয়েছে ৩৩টি ওয়ার্ডে। কংগ্রেস সাতটি, বিজেপি তিনটি এবং অন্যরা এগিয়ে রয়েছে একটি আসনে। অন্যদিকে সল্টলেক বা বিধাননগর পৌরসভার ২৫টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে ১৮টি আসনে। আর সাতটি আসনে এগিয়ে রয়েছে বামফ্রন্ট। রাজ্যের অন্যান্য পৌরসভার মধ্যে ৬৬টির ফলাফলে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস ৩৩টিতে এবং বামফ্রন্ট ২৪টিতে এগিয়ে। কংগ্রেস এগিয়ে রয়েছে নয়টিতে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এ ৮১টি পৌরসভার মধ্যে এখন ৫৫টিতে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট। আর বিরোধিরা রয়েছে ২৬টি পৌরসভায়। এর মধ্যে কংগ্রেস ১১, তৃণমূল আটটি পৌরসভায় ক্ষমতায় রয়েছে। আর বাকি সাতটিতে কংগ্রেস-তৃণমূল জোট ও বামবিরোধী জোট। কলকাতা পৌর করপোরেশন ও বিধাননগর পৌরসভায় অবশ্য ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট।