পশ্চিমবঙ্গের কারাগারে বন্দী বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে কলকাতায় উচ্চপর্যায়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে আজ সোমবার বিকেলে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনারের মধ্যে বৈঠক হয়েছে। রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম, পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) বিডি শর্মা, আইজি (সীমান্ত) ও পি গুপ্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের কীভাবে দেশে ফেরত পাঠানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সিদ্ধান্ত হয় যে খালাসপ্রাপ্ত বন্দীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য উভয় দেশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে যেসব বাংলাদেশি বন্দীর সাজা হয়ে যায়, সেসব বন্দীর তালিকা পশ্চিমবঙ্গ সরকার সাজার মেয়াদ শেষের অন্তত ছয় মাস আগে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকে অবহিত করবে। এ ছাড়া এই বন্দী সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের নিয়মিত পর্যালোচনা বৈঠক করারও সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকালে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (কারা) বিডি শর্মা প্রথম আলোকে জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী এখন রাজ্যের বিভিন্ন কারাগারে দুই হাজার ৬০৫ জন বাংলাদেশি বন্দী রয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে আরও রয়েছে ১৭০টি শিশু। সব মিলিয়ে এখন বন্দীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৭৫ জন।