পশ্চিমবঙ্গের তিনটি উৎসবে ‘রাঢ়াঙ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে তিনটি নাট্যোৎসবে আরণ্যক নাট্যদলের রাঢ়াঙ নাটকটির প্রদর্শনী হবে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে ঋত্বিক আয়োজন করেছে ১৫ দিনব্যাপী ‘দেশ-বিদেশের নাট্যমেলা’। এই উৎসবে ২১ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটকটি। কলকাতার নান্দিকারের উৎসবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে ২৩ ডিসেম্বর। কান্দিতে ঝড়ের আমন্ত্রণে বার্ষিক নাট্যমেলায় উন্মুক্ত মঞ্চে নাটকটির শেষ প্রদর্শনী হবে ২৫ ডিসেম্বর। রাঢ়াঙ নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। মামুনুর রশীদ বলেন, এটি রাঢ়াঙ নাটকের জন্য একটি উল্লেখযোগ ঘটনা। কারণ, এর আগে আরেকবার একইভাবে কলকাতা, দিল্লি ও কেরালায় নাটকটি পরপর মঞ্চস্থ হয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তবে এবার যুক্ত হয়েছে বহরমপুর ও কান্দি। তিনি আরও বলেন, ‘এ সময়টা আমাদের মঞ্চের জন্য খুবই ইতিবাচক। আমাদের নাটকের দলগুলোর উচিত, দর্শককে ভালো নাটক উপহার দিয়ে তাদের হলমুখী করা।’ মামুনুর রশীদ জানালেন, ২৫ ডিসেম্বর ঝড় আয়োজিত কান্দির বার্ষিক নাট্যমেলার উদ্বোধন করবেন তিনি।