পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের উদ্যোগকে চ্যালেঞ্জ
নাম পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগকে চ্যালেঞ্জ করে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়েছে। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী জয়দীপ মুখার্জি এ মামলা করেন। মামলার আরজিতে জয়দীপ মুখার্জি বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসকে পাল্টে ফেলার জন্য এটি একধরনের চক্রান্ত। পশ্চিমবঙ্গ নামটির মধ্য দিয়েই ১৯৪৭ সালে ভারত ভাগ হয়েছিল। এই নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাস মুছে দেওয়া যায় না।মামলার আরজিতে আরও বলা হয়, সরকার ও বিরোধীপক্ষের মুষ্টিমেয় কিছু নেতা জনগণের মতামতকে উপেক্ষা করে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। আরজিতে বলা হয়, প্রয়োজনে নাম পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টকে গণভোট দেওয়ার নির্দেশ দিতে হবে।ক্ষমতা নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ঘোষণা দেন। ৩ আগস্ট মমতার ডাকে পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৯ আগস্ট।এদিকে রাজ্যের নাম পরিবর্তনের ব্যাপারে বামফ্রন্ট সমর্থন দিয়েছে। প্রস্তাব উঠেছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা, বঙ্গ বা বঙ্গ প্রদেশ রাখার।