ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের সম্ভাবনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। গতকাল বুধবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকেও রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রাথমিক কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অতীতে রাজ্যের নতুন নাম নিয়ে অনেক ভাবনাচিন্তা হলেও বর্তমানে শুধু ‘বঙ্গ’ অথবা ‘বঙ্গদেশ’ নিয়েই কথা হয়েছে বলে জানা গেছে।অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হওয়ায় নাম বদলের একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তবে এই নাম বদল নিয়ে বুদ্ধিজীবীরা স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো সাহিত্যিক মনে করেন, পশ্চিমবঙ্গ নামের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তা ছাড়া তিনি মনে করেন, পশ্চিমবঙ্গ নামটি গোটা দেশে পরিচিত। তাই রাজ্যের নাম পরিবর্তনের পক্ষে নন তিনি।আবার নাম বদলের পক্ষে যাঁরা, তাঁদের বক্তব্য হলো, গত কয়েক দশকে ভারতের বহু রাজ্যের নাম পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে রাজ্যের রাজধানীর নামও। ক্যালকাটার নাম বদলে হয়েছে কলকাতা। প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী তাই নাম বদলের মধ্যে কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, ভারতে একটিই পশ্চিমবঙ্গ নাম রয়েছে। তাই পশ্চিম কথাটি বাদ দিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বরং ভালোই হবে বলে তিনি জানিয়েছেন। অনেকে অবশ্য নাম পরিবর্তনের আগে মানুষের মতামত নেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে নাম বদল করতে হলে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করাতে হবে। তারপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে হবে। অবশ্য কোন নামের পক্ষে রাজ্য সরকার প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।এদিকে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নাম পরিবর্তন করে ‘তাম্রলিপ্ত’ রাখার ঘোষণা দিয়েছে। এই জেলায় অতীতে অবস্থিত ছিল তাম্রলিপ্ত বন্দর। সেই ঐতিহাসিক নামেই স্বাধীনতা আন্দোলনের সময় এই জেলায় বিপ্লবীরা গঠন করেছিলেন স্বাধীন তাম্রলিপ্ত সরকার।